
২০১৩ সালের ১৫ নভেম্বর দলেবলে পাখি দেখতে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সঙ্গে চাকরিসূত্রে এ দেশে বসবাসকারী ভারতের দুই বন্য প্রাণী আলোকচিত্রী বন্ধুবর দেবানন্দ পল ও গানেশ মহাদেবান ছিলেন। ক্যাম্পাসের বিভিন্ন স্পটে ছবি তোলা শেষে জিমনেসিয়ামের কাছে চলে এলাম। টং দোকানে চা-নাশতা সেরে খানিকটা চাঙা হয়ে আবার মাঠে নেমে পড়লাম। তখন রোদেলা দুপুর। জিমনেসিয়ামের সামনের বাগানের ফুলগাছগুলোতে, বিশেষ করে রঙ্গনগাছে রংবেরঙের প্রজাপতির যেন মেলা বসেছে। দলের সবাই ক্যামেরা নিয়ে বেশ ছোটাছুটি করছে। জিমনেসিয়ামের দেয়ালঘেঁষে বেশ কয়েকটি লেবুগাছ। হঠাৎ দলের কেউ একজন আমাকে বলল, ‘স্যার, এদিকে আসেন; দেখে যান কী হচ্ছে।’ আমি সঙ্গে সঙ্গে গেলাম। দেখলাম লাল-সাদা ফোঁটাযুক্ত লেজওয়ালা একটি প্রজাপতি গাছের পাতার ওপরে বসে আছে। ভালো করে লক্ষ করার পর দেখলাম, সে ডিম পাড়ছে। ক্যামেরা সঙ্গে থাকা অবস্থায় এই প্রথম কোনো প্রজাপতিকে ডিম পাড়তে দেখলাম। দ্রুত ডিম পেড়ে স্ত্রী প্রজাপতিটি পালিয়ে গেল। ডিমের কয়েকটা ছবি তুলে রাখলাম।
ডিম পাড়ারত প্রজাপতিটিকে জীবনে বহুবার বহু জায়গায় দেখেছি। ওকে যেমন দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তেমনি বান্দরবানের বিভিন্ন জায়গায়, সাতছড়িতে, রেমা-কালেঙ্গায়, কাপ্তাইয়ে, যশোরে, এমনকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। সে আমাদের অতি পরিচিত এক প্রজাপতি কালিম। অধ্যাপক শফিক হায়দার চৌধুরী ও মনোয়ার হোসেনের ফিল্ড গাইডে বাংলা নাম হিসেবে এ নামটিরই উল্লেখ রয়েছে। ইংরেজিতে ওর নাম ‘কমন মরমন’। প্যাপিলিওনিডি পরিবারভুক্ত এই প্রজাপতির বৈজ্ঞানিক নাম প্যাপিলিও পলিটেস (Papilio polytes)।
লেজওয়ালা প্রজাপতিগুলোর (Swallowtail) মধ্যে কালিম সহজেই চোখে পড়ে। কালিম এ দেশের সব এলাকায়ই আছে। িক সমতলভূমি, িক পাহাড়ের ২০০০ মিটার উচ্চতা—সবখানেই। সাত ডোরার মতো এরাও লেবুজাতীয় গাছে ঘুরে ঘুরে ফুলের রস পান করে। তবে পুরুষগুলো গোবর ও স্যাঁতসেঁতে মাটি থেকেও রস শোষণ করতে পারে।
কালিম মাঝারি আকারের প্রজাপতি। দেহের রং মূলত কালো। ডানার ওপরের দিকটা কুচকুচে কালো। সামনের ডানার নিচের প্রান্তে কয়েকটি সাদা দাগ আছে। পেছনের ডানার প্রান্ত খাঁজকাটা এবং নিচের প্রান্তে একটি করে লেজ আছে। ডানার মাঝে সাদা সাদা দাগ। এ ছাড়া ডানার নিচের প্রান্তে কয়েকটি বঁাকা চাঁদের মতো সাদা দাগ ও তার ওপরে অল্প কয়েকটি লাল দাগ থাকে। স্ত্রী ও পুরুষ প্রজাপতি দেখতে আলাদা। আকারে পুরুষের তুলনায় স্ত্রী বড়ো হয়। পুরুষ প্রজাপতির ডানার দাগগুলো হালকা ও অস্পষ্ট। অন্যদিকে স্ত্রী প্রজাপতির দাগগুলো বেশ স্পষ্ট। তিন ধরনের স্ত্রী প্রজাপতি দেখা যায়।
কালিমের জীবনচক্র সাত ডোরার মতোই। স্ত্রী প্রজাপতি লেবুর কচি পাতার ওপর দিকে ডিম পাড়ে। পাতাপ্রতি একটি করে ডিম। গোলাকৃতির এই ডিমগুলোর রং হলুদ বা হালকা কমলা। চার থেকে সাত দিনে ডিম থেকে লার্ভা বা শূককীট বের হয়। তবে সাত ডোরার তুলনায় এদের শূককীটগুলো লেবুজাতীয় গাছের সামান্যই ক্ষতি করে।
বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পূর্ব তিমুর প্রভৃতি দেশে কালিম দেখা যায়।