কালোশিরা সার্জেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালোশিরা সার্জেন্ট প্রজাপতি। ছবিটি সাজেকের পথে হাজাছড়া ঝরনার পাশ থেকে গত ২৬ সেপ্টেম্বর তোলা l লেখক
কালোশিরা সার্জেন্ট প্রজাপতি। ছবিটি সাজেকের পথে হাজাছড়া ঝরনার পাশ থেকে গত ২৬ সেপ্টেম্বর তোলা l লেখক

মেঘের দেশ সাজেক দেখার জন্য সস্ত্রীক ২৫ সেপ্টেম্বর ভোররাতে খাগড়াছড়ির দীঘিনালায় পৌঁছালাম। সকালে চান্দের গাড়িতে সাজেকের উদ্দেশে রওনা হলাম। দীঘিনালার প্রায় শেষ সীমানা হাজাছড়ায় একটা ঝরনা আছে, সেটা না দেখে যাওয়া উচিত হবে না। ঝরনাটি বেশ সুন্দর। পঞ্চবুন্দি, আয়ান্দারি, তংশা, ফরেস্ট হফার প্রভৃতি প্রজাপতির দেখা পেলাম এখানে। মাঝারি আকারের একটি প্রজাপতিকে দেখলাম, দলের একজনের ঘামে ভেজা টি-শার্টের ওপর বসে আছে। না, ওকে আগে দেখিনি।
বেশ কিছুক্ষণ পর হঠাৎ করেই আমাদের পাশাপাশি আসা সেনাবাহিনীর ট্রুপের এক জওয়ানের ইউনিফর্মের ওপর এসে বসল সেটি। জওয়ান কিছুটা হকচকিত হয়ে ওকে তাড়িয়ে দিলেন। ঠিক তখনই আমি ওকে ডাকতে লাগলাম ‘আয়-আয়-আয়’। বেশ কয়েকবার ডাকার পর আশ্চর্যজনকভাবে ও আমার হাতের ওপর এসে বসল এবং শুড় দিয়ে হাতের নোনা ঘাম চুষে নিতে থাকল। মোট তিনবার আমার ডাকে ও সাড়া দিল। ঘটনাটা হয়তো নিছক কাকতালীয়। সম্ভবত ওর লবণের প্রয়োজন ছিল, তাই হয়তো চাহিদা মেটাতে ভেজা টি-শার্ট, সেনার ইউনিফর্ম বা আমার হাতে বসেছে। এরপর সে পাতার ওপর বসল, আমি ছবি তুললাম।
এতক্ষণ যার গল্প বললাম, সে এ দেশের বিরল প্রজাপতি ব্ল্যাকভেইন সার্জেন্ট (Blackvein Sergeant)। বাংলা নাম না থাকায় এ নাম দিলাম। Nymphalidae পরিবারভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Athyma ranga। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দো–চীন থেকে দক্ষিণ চীন পর্যন্ত এদের আবাস।
এরা মাঝারি আকারের প্রজাপতি। প্রসারিত অবস্থায় ডানা ৬০-৭০ মিলিমিটার। স্ত্রী পুরুষের তুলনায় কিছুটা বড়। পুরুষের দেহের ওপরটা মখমল কালো, স্ত্রীরটা গাঢ় বাদামি। এই কালো বা বাদামির ওপর দেহের মাঝ বরাবর এক সারি সাদা ও পেছনে আরেক সারি ধূসর দাগ। পেটেও সাদা দাগ। সামনের ডানার ওপরের দিকে কয়েকটি নীলচে ফোঁটা। সামনের ও পেছনের ডানার কিনারায় ধূসর দাগ। ডানার কালো শিরাগুলো বেশ স্পস্ট।
এরা মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে বেশি দেখা যায়। প্রায়ই পাহাড়ি ঝরনা-নালা-ছড়ার পাড়ে বালু বা নুড়ি পাথরের ওপর সাদা-কালো পাখা মেলে বসে থাকে। ভেজা মাটি থেকে রস চুষে নেয়। তবে ফুলে তেমন একটা বসে না।
এরা পোষকগাছের পাতার আগায় ডিম পাড়ে, পাতাপ্রতি একটি ও গাছপ্রতি দু-তিনটি। ডিমের ব্যাস ১ দশমিক ৫ মিলিমিটার। সবুজ ডিমগুলোয় ষড়ভুজ আকারের গর্ত ও কতগুলো চুল থাকে। ডিম ফুটে শূককীট বেরোয় তিন-চার দিনে। শূককীটগুলো পাঁচবার খোলস বদলিয়ে প্রায় ৩৩ দিন পর মূককীটে রূপান্তরিত হয়। ৯-১৯ দিন পরে কোনো এক সকালে মূককীটের খোলস কেটে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়ে নীল আকাশে ডানা মেলে।