কালো মানিকজোড়

রাজশাহীর পদ্মার চর থেকে কালো মানিকজোড়ের ছবি তুলেছেন মো. মারুফ রানা।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের বিখ্যাত কচা নদীতে আমরা কজন নিছক নৌকাভ্রমণে বেরিয়েছি। চরখালী ফেরিঘাট পেরিয়ে বাঁ দিকে বাঁক নিয়ে নৌকা চলল দক্ষিণ দিকে। নদীচরে কিছু বকের ওড়াউড়ি, দু-একটা শুশুকের ‘ফুস’ শব্দে জলের ওপরে উঠে আসা, গাঙচিল দেখতে দেখতে আর গল্প করতে করতে এক কিলোমিটারের মতো এগোনোর পর দেখতে পেলাম পাখিটিকে।

পাখি দেখার জন্য তো বের হইনি, এই পাখিটাকে কচা নদীর ছোট একটা চরমতো জলা জায়গায় দেখতে পাব, সেটা কল্পনাতেও ছিল না। মাঝিকে নৌকা থামাতে বললাম। নদীতে চলছে ভাটা। ট্রলার যাচ্ছে শব্দ করে। একটু দূরে ইলিশের জাল ফেলে জেলেরা অপেক্ষা করছেন। এখন শুধু পাখিটিকে দেখা ছাড়া আর কিছু করার নেই আমাদের। মুঠোফোনের ক্যামেরায়ও ছবি তুলে লাভ নেই।

বৃদ্ধ জেলে বললেন, চার বছর বাদে দেখলাম। নাম ‘উটিবক’। নামটা নতুন শুনলাম, ওখানকার স্থানীয় নাম হবে হয়তো! যা-ই হোক, বহু বছর বাদে পাখিটিকে দেখে ভালোই লাগল। নস্টালজিকও হয়ে পড়লাম। মাঝিকে বললাম পাখিটার দিকে এগোতে ধীরে ধীরে। পাখিটা কিন্তু আমাদের মালুমেই আনছে না। যদিও ওটার আশপাশে থাকা ধবল বকগুলো মাথা টান টান করে দেখছে আমাদের, মুহূর্তের নোটিশেই উড়াল দিতে প্রস্তুত ওগুলো। উটিবকটি কিন্তু তার কাজে ব্যস্ত, ধীর পদক্ষেপে রণপায়ে এগিয়ে এগিয়ে ঘাড়-মাথা নিচু করে লম্বা ঠোঁট বালুমাটিতে ও জলে ঢুকিয়ে খুঁজছে খাবার। একটু পর ওটার নিজের হাঁটুসমান জলে।

আরও একটু কাছাকাছি হতেই বিশাল পাখিটা তাকাল আমাদের দিকে। লম্বা পা দুখানা টান টান করে শৈল্পিক ভঙ্গিতে উড়ে নদী পাড়ি দিয়ে দূরে চলে গেল।

ঘটনাটি ২০২১ সালের জানুয়ারির ১৮ তারিখের। পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমি। ফেরার পথে ‘উটিবক’ নাম সম্পর্কে জানতে চাইলে বৃদ্ধ মাঝি বললেন, এরা হাঁটে তো উটের মতো। ঘাড় নিচু করে লম্বা গলা যখন ইংরেজি ‘ইউ’ হরফের মতো ভাঁজ করে মাথাটি ওপরে তোলে, তখন মাথা, নিচু ঘাড় ও পিঠ সরলরেখায় থাকে। উটের মতোই দেখায়।

হ্যাঁ, ঢাকায় ফিরে নানা রকম ছবি দেখে মনে হলো, উট তো বটেই, উটপাখির মতোও বলা চলে। মাঝি শোনালেন আরও একটি নতুন কথা। ঘন কুয়াশার ভেতরেও উটি বক চারপাশটার বহুদূর পর্যন্ত খুব ভালো দেখতে পারে। এদের চোখের ভেতরে কুয়াশা ভেদকারী আলো (ফগ-লাইট) আছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে অতীতের দু-তিনটি ঘটনা মনে পড়ল, যেখানে ঘন কুয়াশা ও কুয়াশাবৃষ্টির ভেতর দিয়েও শিকারি লম্বা পায়ের পাখিটির কাছে পৌঁছাতে পারেননি। রণপায়ে দ্রুত হেঁটে দূরে সরে গেছে! তাহলে!

উটিবক যেটিকে বললেন বৃদ্ধ মাঝি, সেই পাখিটি হলো কালাজাঙ বা কালাজং। কালো মানিকজোড় নামেও পরিচিত। বাগেরহাট-ফকিরহাটে এটির নাম রামশালিক। শীতের বিরল পরিযায়ী লম্বা নলাকৃতির গলা ও লম্বা দুখানা পা-ওয়ালা এই পাখিটির ইংরেজি নাম ব্ল্যাক স্টর্ক। বৈজ্ঞানিক নাম Ciconia nigra। দৈর্ঘ্য ৯০-১০০ সেন্টিমিটার। উচ্চতা ১০৬ সেন্টিমিটার বা সাড়ে তিন ফুট। দুই পায়ের ওপর খাড়া হয়ে দাঁড়ালেÑ মনে হয় নকল পা বা রণপায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে। ওজন তিন কেজির বেশি। চকচকে ধাতব নীলচে কালো বুক-পিঠ, ঘাড়-গলা-মাথার তালু কালচে বেগুনি। বুকের নিচের পেট ও লেজের তলা ধবধবে সাদা, লম্বা বল্লম বা তরবারি-ঠোঁট ও লম্বা পা দুখানার রং আলতা লাল।

মূল খাদ্য মাছ-ইঁদুর-ব্যাঙ-কাঁকড়া-গিরগিটি-সদ্য ডিম ফুটে বেরোনো কাছিমছানা-নির্বিষ ছোট সাপ-পোকামাকড়, বিশেষ করে ঘাসফড়িং, আওতায় পেলে ছোট পাখিদের ছানা।