কালোমাথা জলকবুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালোমাথা জলকবুতর।  ছবি: মো. মারুফ রানা
কালোমাথা জলকবুতর। ছবি: মো. মারুফ রানা

প্রজনন মৌসুমে এই পাখিটির ঘাড়, গলা, মাথা ও কপাল তেলতেলে-কুচকুচে কালো হয়ে যায়। মনে হতে পারে যে পাখিটি কালো মুখোশ পরেছে। কানপট্টি অদৃশ্য, চোখের ভেতরের বৃত্ত হলুদাভ-লালচে, মণি কালো। ঘাড়, বুক, পেট ও পেটের দুপাশসহ পেট ও লেজের দুপাশ শাপলা-সাদা। ঠোঁট টুকটুকে লাল, পা লালচে। ডানার প্রান্তের ওড়ার মূল পালকগুলোর অগ্রভাগ কালো।

ডিম-ছানা তোলার পরে এই কালো রং ধীরে ধীরে নিষ্প্রভ হতে শুরু করে। যদিও বাংলাদেশে আসার পরেও কিছু কিছু পাখির কালো রংটা নজরে পড়ে। পরে মাথা, ঘাড়, গলা, বুক ও পেট সাদা হয়ে যায়। দেখা যায় কানের গোলাকার কালো পট্টি। ঠোঁট টুকটুকে লাল থাকলেও অগ্রভাগ কালো হয়। লেজের অগ্রপ্রান্তও কালো হয়। পা লালই থাকে। পৌষ-মাঘে পাখিটির ডানার প্রান্তের ও গোড়ার দিকে চমৎকার কালো কালো রেখা ও কালো কালো ছিটছিট দেখা যায়। ঘাড়ের কাছে একটি অস্পষ্ট কালচে রেখা ফোটে।

কবুতরসদৃশ শীতের পরিযায়ী এই পাখিটির নাম ‘কালোমাথা জলকবুতর’। গাংকৈতর ও গঙ্গা কৈতর নামেও পরিচিত। ইংরেজি নাম Black-headed Gull. বৈজ্ঞানিক নাম larus ridibundus. দৈর্ঘ্য ৩৮-৪৩ সেমি।

মাছখেকো এই পাখিদের চারণের ক্ষেত্র হলো নদী, সমুদ্রতীর, হাওর-বাঁওড়, বিল-ঝিল ও হ্রদ। উড়ে উড়ে জলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে এগোয়। সুন্দরবন ও এর লাগোয়া হাওর, বিল ও নদীতে বেশি দেখা যায়। লঞ্চ ও ট্রলারের পেছনে প্রবল বেগে যে জল ছুটে ঢেউয়ের সৃষ্টি করে, তাতে মাছও ভেসে ওঠে। নজরে পড়ামাত্রই তিরবেগে সেসব মাছ ধরার জন্য ডাইভ মারে।

বড়েলদের কেউ কেউ অনেক সময় বড়শিতে ছোট মাছ গেঁথে জোরসে ছুড়ে দেয় শূন্যে। এরা দ্রুত ধেয়ে এসে টোপ গিলতেই মারো জোরসে টান ছিপে, ব্যস! মাছের বদলে পাখি শিকার। সুন্দরবনের বনজীবীদের কেউ কেউ বড়শিতে এই পাখি ধরে মাংস খায়। হাওর-বাঁওড়েও এই প্রথা চালু ছিল, অল্প হলেও আজও তা আছে।

মাছ ছাড়াও এরা খায় বিভিন্ন ধরনের জলপোকা, জলকাদার তলায় থাকা সুতোপোকা, কিছু ক্ষুদ্র শস্যবীজ।