কাস্তে ঠোঁটের কাঁচিচ্যাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে কাঁচিচ্যাগা পাখি l ছবি: ডেভিড মার্সডেন
সুন্দরবনে কাঁচিচ্যাগা পাখি l ছবি: ডেভিড মার্সডেন

বিশাল একটি পরিত্যক্ত চিংড়িঘেরের জলকাদায় দল বেঁধে চরছে কয়েকটি কুচিবকসহ বেশ কিছু চ্যাগাজাতীয় পাখি। নিরিবিলি পরিবেশ পেয়ে খোলায় নেমে অতি সাবধানে চরছে গোটাকয় টিমটিমে ঢেউর ও বিলেন হালতি। মাঘের শেষ, ঘেরে তাই জল নেই-ই বলতে গেলে। জায়গায় জায়গায় মাটি জেগে আছে—যেনবা চর পড়েছে।
হঠাৎই প্রবল ডানা ঝাপটানির শব্দ—লম্বা ঠোঁটের একটি পাখি খাড়া লাফে হাত তিন-চার উঠে ঠোঁট ঝাঁকাতে ঝাঁকাতে দিশাহীনভাবে উড়ল, তাল সামলাতে না পেরে জল-কাদায় মুখ থুবড়ে পড়ল। না, আবার ওড়ার চেষ্টা না করে লম্বা ডান পা-খানা বাড়িয়ে ঠোঁট থেকে বিপদটা খসিয়ে ফেলতে চাইল, বিপদটা নাছোড়বান্দা—পাখিটি খাবার খোঁজে জল-কাদায় ঠোঁট চালাতে চালাতে দুর্ভাগ্যক্রমে একটি হাঁ করা আপেল শামুকের মুখে ঠোঁট যেইনা ফেলেছে, অমনি চট করে শামুকটা দিয়েছে মুখের শক্ত ঢাকনাটা বন্ধ করে। ব্যস! যতই চেষ্টা করো না কেন, শামুকটা মুখের কপাট খুলবে তো না-ই, আরও কষে এঁটে দেবে। ভীতু শামুকদের এটাই স্বভাব। না, পাখিটা পা বদল করে, ঠোঁট বহুরকমভাবে ঝাঁকিয়েও আপদমুক্ত হতে পারল না, একজন মানুষের নজরে পড়ল এই মজাদার দৃশ্যটা, ছুটল সে পাখিটিকে ধরতে। পাখিটা ঠোঁটের আগায় শামুক নিয়েই হাস্যকর-কষ্টকর ভঙ্গিতে উড়ে পগার পার হয়ে গেল।
চিংড়িঘের পাহারাদার যে লোকটা মোল্লাহাটের (বাগেরহাট) বিল কোদালিয়ায় এই অভিনব দৃশ্যটি দেখেছিলেন, তাঁর বাড়ি আমারই গ্রামে—ফকিরহাটের সাতশৈয়া গ্রামে। তিনি আমাকে এ-ও বলেছেন যে, মাঝেমধ্যে ছোট ছোট পাখি শামুকের ফাঁদে পা ফেলেও উড়তে পারে না আর। কিন্তু ওই পাখিটি বড় হওয়ায় শামুক নিয়েই উড়তে পেরেছে। তবে, ওর মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই-ই বলতে গেলে। পাখিটির নাম গুলিন্দা। ইংরেজি নাম Eurasian curlew। বৈজ্ঞানিক নাম Nemenius arquata। সর্বমোট মাপ ৫৮ সেমি। তার ভেতর প্রায় কাঁচির মতো লম্বা-বক্র ঠোঁটটিই হলো ১৫ সেমির বেশি। ফকিরহাটে এটি রামচ্যাগা ও কাঁচিচ্যাগা নামে পরিচিত।
কাঁচিচ্যাগা আমাদের শীতের পরিযায়ী পাখি। দ্বীপ-চর-মোহনা-সুন্দরবনাঞ্চলসহ হাওডর-ঝিল মূলত এদের বিচরণক্ষেত্র। এককালে ঝাঁকে পেলে বন্দুকশিকারিরাও গুলি করত এদের। যদি ওদের শরীরে ছররা না লেগে—লাগে ঠোঁটে, তাহলে ঠোঁটটা ওরা ঊর্ধ্বমুখী করে অসম্ভব দ্রুততায় ঝাঁকায়—উড়তে উড়তেও ঝাঁকায়। এমনিতে অন্য পাখিদের সঙ্গে মিলেমিশে চরার সময় অন্যকে ভয় দেখানোর জন্য ঠোঁট ফাঁক করে ‘ঠোঁট-টক্কর’ বাজিয়ে অদ্ভুত-হাস্যকর ভঙ্গিতে ভয় দেখায়। দ্রুত হাঁটতে পারে, অতিÄগোপনের জন্য পা মুড়ে বসতে পারে, খাবারের খোঁজে জলকাদায় ঠোঁট-লাঙল চালাতেও পারে খুব দক্ষভাবে। সাধারণত বড় দলে থাকে না এরা, ছোট দলও যদি কোনো কারণে একসঙ্গে আকাশে ওড়ে বা দলবদ্ধভাবে নামে জলাভূমিতে, তাহলে এরা এঁকেবেঁকে ও ওপর-নিচ করে বা তেরছা হয়ে একই সঙ্গে সব কটি পাখি (যেন বা শূন্যে বৃন্দনৃত্য করছে) তাল-লয়-ছন্দ রেখে ওড়ে, এই কারণে মনে হয় ওরা ডিসপ্লে করছে শূন্যে, সূর্যের আলোয় ওদের ডানা ও শরীরের ওপর দিয়ে যেন পিছলে পিছলে যায়। যেন এক শৈল্পিক দৃশ্য। দ্রুতবেগে ওড়ে-ঘোরে, মাঝেমধ্যে ডাক চালাচালি করে—যেন বা বলাবলি করে: বিয়ে লো, বিয়ে লো, অন্যটি জবাব দেয়: কার লো? কার লো? এ থেকেই সম্ভবত পাখিটির ইংরেজি নাম হয়েছে কারলিউ।
পাখিটির প্রায় শরীরজুড়েই কালচে-বাদামির চিত্র-বিচিত্র কারুকাজ, কালচে ঠোঁটের গোড়াটা হলুদাভ অথবা হালকা গোলাপি। কালচে-ধূসর পায়ের রানের পালক ও তলপেট সাদা। মূল খাদ্য এদের জল-কাদার সুতোপোকা-লার্ভা-ব্যাঙাচি-কাঁকড়াছানা-কুচো চিংড়ি-জলপোকা ও জলপতঙ্গ—শামুকের ডিম-অতি কচি জলজ ঘাস-গুল্মের পাতা-কুঁড়ি ইত্যাদি।
পাখিটি আমাদের দেশে এসে জাল-ফাঁদের বিপদে পড়ে যায়। গুলিও খায়। এটা বন্ধ করার উপায় কী!