কায়ান্টের প্রভাবে আজও মেঘ-বৃষ্টি
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরগতিতে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে এর প্রভাবে দেশের প্রায় সর্বত্র আজ শুক্রবারও মেঘ-বৃষ্টি থাকবে। তবে আজ দিনের দ্বিতীয় ভাগ থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে।
কায়ান্টের প্রভাবে গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার দিনে দেশের অধিকাংশ স্থানে হালকা বৃষ্টি হয়েছে। প্রায় সারা দিনই আকাশ মেঘে ঢাকা ছিল। রাজধানী ঢাকায়ও বৃষ্টি হয়েছে। আজও দেশের আটটি বিভাগেই মেঘ-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলেছে, গতকাল সন্ধ্যায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ১৫০ কিলোমিটার, কক্সবাজার থেকে প্রায় ১ হাজার ১০০ ও মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে ছিল। এই চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।