কী সুন্দর জালালি কইতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে জালালি কবুতর
ছবি: আনিস মাহমুদ

‘ঝাঁকে উড়ে আকাশজুড়ে/ দেখতে কী সুন্দর/ জালালি কইতর/ জালালের জালালি কইতর’। সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহর প্রাঙ্গণজুড়ে হাজারো জালালি কবুতরের ওড়াউড়ি দেখে গীতিকার মো. আবদুল হামিদ ১৯৭৮ সালে গানটি লিখেছিলেন। এরও অনেক আগে থেকে, ৭০০ বছরের বেশি সময় ধরে এ দরগাহে জালালি কবুতরের ছোটাছুটি চলছে। দরগাহ জিয়ারতে আসা দেশ-বিদেশের মানুষের কাছে এসব কবুতর এখন যেমন দর্শনীয়, তেমনই আবেগ ও ভালোবাসায় তাঁরা কবুতরের খাবারের জন্য ধান, গম ও শর্ষে ছিটিয়ে দেন।

সিলেটের শাহজালাল দরগাহ ছাড়াও এখন এই কবুতর দেশের আনাচকানাচে ছড়িয়ে পড়েছে। তবে কেমন করে বাংলাদেশে জালালি কবুতরের বংশবিস্তার ঘটল, এমন প্রশ্নের একটা উত্তর পাওয়া যায় সিলেটের প্রাচীন ইতিহাসগ্রন্থ শ্রীহট্টের ইতিবৃত্ত: পূর্বাংশ (১৯১০) বইয়ে। অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি তাঁর এ বইয়ে পদ্মনাথ বিদ্যাবিনোদের এক লেখার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, দিল্লির নিজামউদ্দীন নামের একজন পীর হজরত শাহজালালকে (রহ.) দুই জোড়া কাজলা রঙের কবুতর উপহার দিয়েছিলেন। এসব কবুতর, ৩৬০ আউলিয়াসহ তুরস্কের কুনিয়ায় জন্ম নেওয়া শাহজালাল ১৩০৩ সালে সিলেট অঞ্চলে এসেছিলেন। পরবর্তী সময়ে এই দুই জোড়া কবুতরের মাধ্যমেই বংশবৃদ্ধি হয়ে পূর্ববঙ্গে জালালি কবুতর ছড়িয়েছিল।

কবুতর নিয়ে গবেষণা করেন, এমন কয়েকজন জানান, হজরত শাহজালাল (রহ.) সিলেটের আকাশে এসব কবুতর উড়িয়ে দিয়েছিলেন। তাই তাঁর নামানুসারেই এসব প্রজাতির কবুতর ‘জালালি কবুতর’ নামে পূর্ববঙ্গে পরিচিতি পায়। সিলেটে আঞ্চলিক উপভাষায় কবুতরকে ‘কইতর’ বলা হয়ে থাকে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া জালালি কবুতরের আদি নিবাস হলেও এখন বিশ্বের নানা দেশেই এসব কবুতরের আবাস রয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক মো. নাজমুল হক জানান, জালালি কবুতর সাধারণত এক জায়গায় সব সময় থাকতে চায় না। তারা আরামদায়ক আবাস গড়ে। চঞ্চল প্রকৃতির এই কবুতর ৫ থেকে ১০ বছর বাঁচে। সৌদি আরব, সুইডেনসহ নানা দেশেই এখন জালালি কবুতর দেখতে পাওয়া যায়।

অতিসম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দরগাহর প্রধান ফটক পেরোলেই ডান পাশে মুসাফির ভবনের পাশেই ঝাঁকে ঝাঁকে কবুতর উড়ছে। নির্দিষ্ট এ স্থানেই তারা মেঝেতে বিছিয়ে রাখা ধান, গম ও শর্ষে খুঁটে খুঁটে খাচ্ছে। অধিকাংশ কবুতর আবার মুসাফির ভবনের চারপাশ ঘিরে কাঠের খোপে বসে আছে।

শাহজালাল দরগাহর সরেকুম মোতোয়ালি ফতেহ আল আমান বলেন, বর্তমানে প্রায় পাঁচ থেকে ছয় শ কবুতর দরগাহে আছে। দরগাহে আসা অধিকাংশ দর্শনার্থীও এখানে জালালি কবুতর এনে ছেড়ে যান। এসব কবুতর কিছু এখানে থাকে, আবার কিছু উড়ে অন্যত্রও যায়। তবে জালালি কবুতরের বংশবৃদ্ধির জন্য ২০১৫ সালে মাজার কর্তৃপক্ষ একটি স্থানে ‘জালালি প্রজনন কক্ষ’ নির্মাণ করেছে। দর্শনার্থীরা কবুতরের জন্য দরগাহে খাবার ছিটাতেন। তবে করোনাকালে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত থাকায় পুরোটা সময়ে মাজার কর্তৃপক্ষই কবুতরের খাবার সরবরাহ করে আসছে।