কুড়িগ্রাম ও ধুনটে নদীর পানি বৃদ্ধি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গতকাল রোববার উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও বগুড়ার ধুনটে সবগুলো নদীর পানি বেড়েছে। এতে বিস্তীর্ণ এলাকার ফসলের খেত প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। এদিকে তিস্তার পানি কিছুটা কমলেও নীলফামারী ও রংপুরের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: জেলার ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, তিস্তাসহ ১৬টি নদ-নদীর পানি বেড়েছে। প্রবল স্রোতে বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া, সদর উপজেলার ঘোগাদহ ঘাট এলাকা থেকে যাত্রাপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার ও রাজারহাটে রতিরাম এলাকায় ভাঙন চলছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শতাধিক চর ও দ্বীপচর। চরের বাসিন্দাদের বসতভিটায় পানি উঠেছে। প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজিখেত।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় ধরলা নদীর পানি ৫৯ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৫১ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর জানান, ভারত থেকে পানিপ্রবাহ বাড়ায় পিপুলবাড়ি, আরাজি পিপুলবাড়ি, বড়ুরা, রলাকাটা, দৈ খাওয়া, আইরমারীসহ ১৮টি চর প্লাবিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউপির চেয়ারম্যান শাহজালাল উদ্দিন মোল্লা জানান, পানি বৃদ্ধির ফলে এই ইউনিয়নে চার থেকে পাঁচ শতাধিক মানুষ পানিবন্দী হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত পশ্চিম ধড়কা, পশ্চিম ফকিরের চর, শারিসুরির নিম্নাঞ্চলসহ কালিকাপুরের আংশিক এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
রংপুর: কাউনিয়া উপজেলার দুটি ইউনিয়নের সাতটি গ্রামের এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে গঙ্গাচড়া উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিচপাড়া, বালাপাড়া, চর ঢুষমারা, গনাই, টেপামধুপুর ইউনিয়নের হয়বত খাঁ, চর আজম খাঁ, জিগাবাড়ি চর এলাকার লোকজন পানিবন্দী রয়েছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গনাই এলাকায় বেশ কিছু বাড়িতে কোমরপানি উঠেছে। আশপাশে যত দূর চোখ যায় পানির মধ্যে শুধু বাড়িগুলো দেখা যায়। পানিবন্দী গনাই গ্রামের হতদরিদ্র পরিবারের লোকজন বলেন, পানিতে বিশাল এলাকা প্লাবিত হওয়ায় তাঁদের হাতে এখন কোনো কাজ নেই।
নীলফামারী: ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের ১৫ হাজারের বেশি মানুষ পানিবন্দী রয়েছে। গতকাল তিস্তা নদীর পানি কিছুটা কমলেও বেলা তিনটা পর্যন্ত বিপৎসীমা দিয়ে প্রবাহিত হচ্ছিল।
নদীর পানি কমলেও তিস্তাপারের মানুষের ভোগান্তি কমেনি। এখনো তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার আমনখেত।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আফতাব হোসেন বলেন, ডিমলা উপজেলায় তলিয়ে যাওয়া ৫০ হেক্টর জমি জেগে উঠতে শুরু করেছে। রোপা আমনের চারা তিন-চার দিন তলিয়ে থাকলে খুব একটা ক্ষতি হবে না।
এ ব্যাপারে পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, গতকাল ভোর ছয়টার দিকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে থাকলেও বেলা তিনটায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়।
ধুনট (বগুড়া): যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবহিত হচ্ছে। এতে করে যমুনা নদীর পূর্ব পাশে ১০টি গ্রাম প্লাবিত হয়ে এক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বগুড়া পাউবো সূত্র জানায়, কয়েক দিন ধরে যমুনার পানি বৃদ্ধি পেয়ে গতকাল পর্যন্ত বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে করে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাশে অবস্থিত বৈশাখী, রাধানগর, আটার চর, বথুয়ারভিটা, ভূতমারি, কৈয়াগাড়ি, শিমুলবাড়ী, শহড়াবাড়ী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব গ্রামের পানিবন্দী প্রায় এক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের গ্রেজরিডার পশুরাম চন্দ্র বর্মণ বলেন, ‘রোববার (গতকাল) সন্ধ্যা ছয়টায় যমুনা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।’