কুড়িগ্রাম ও পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত, বাড়ছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহের কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। গত দুই দিনে সূর্ষের মুখ দেখা যায়নি। তীব্র শীতের কারণে শিশুরা নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। পঞ্চগড়ে গতকাল শনিবারও শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। শীতে জনজীবন স্থবির হয়ে পড়ায় রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মানুষের আয় কমে গেছে। গরম কাপড় না থাকায় দরিদ্র শ্রেণির মানুষ বেশি কষ্ট পাচ্ছে।
কুড়িগ্রামে কনকনে ঠান্ডা পড়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছে ছিন্নমূল, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতের কারণে গবাদিপশুও কষ্ট পাচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৭০ জন কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। সদর উপজেলার খাসের চরের মেহের জামাল, উলিপুর সাহেবের আলগার মিজানুর রহমান ও বুড়াবুড়ি এলাকার মেহের আলী জানান, কনকনে শীত ও বাতাসে তারা কাহিল হয়ে পড়েছেন। সারা দিন কুয়াশায় ঢাকা থাকায় নদীতে নৌকা চলাচল প্রায় বন্ধ। হাজার হাজার মাছচাষি ঠান্ডায় পানিতে নামতে না পেরে বিপাকে পড়েছেন।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রায় পাঁচ লাখ হতদরিদ্র মানুষের বিপরীতে এ পর্যন্ত ২০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, এ পর্যন্ত কুড়িগ্রামে শীতার্ত মানুষের জন্য ২০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরও ৩৫ হাজার কম্বল বরাদ্দ চেয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
পঞ্চগড়ে কয়েক দিন স্বাভাবিক অবস্থার পর আবারও কনকনে শীত শুরু হয়েছে। দিনভর খুব বেশি কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসে দুস্থ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। গত দুই দিনে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। তীব্র শীতে শিশু ও বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারিভাবে এ পর্যন্ত আট হাজার ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানাভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে প্রায় দুই লাখ দুস্থ মানুষের জন্য আরও শীতবস্ত্র প্রয়োজন। রিকশা ও ভ্যানচালক এবং দিনমজুরদের আয় কমে গেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসে না। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে রাত পার করছে।
শহরের ডোকরোপাড়া মহল্লার রিকশাচালক আবদুল মান্নান বলেন, ‘সাধারণভাবে প্রতিদিন দুই থেকে আড়াই শ টাকা আয় করি। এখন ঠান্ডার কারণে কেউ রিকশায় উঠে না। ৪০-৫০ টাকার বেশি ইনকাম করা যায় না। একদিকে ঠান্ডা, অন্যদিকে আয়-রোজগার নাই। আমরা কীভাবে বাঁচব।’
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, এ পর্যন্ত সরকারিভাবে পাওয়া প্রায় নয় হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানাভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আরও শীতবস্ত্রের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। তিনি পঞ্চগড়ের শীতার্তদের সহায়তা করার জন্য বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।