দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত সোমবার গভীর রাত থেকে সাড়ে আট ঘণ্টা লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ছিল। এতে আটকা পড়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া রোগীবাহী কয়েকটি অ্যাম্বুলেন্স। দুর্ভোগের শিকার হন হাজারো মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাত থেকে কুয়াশা পড়তে থাকলে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হয়। রাত আড়াইটার পর ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় ছয়টি ফেরি প্রায় ৭৫টির মতো যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। এ সময় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা কয়েকটি রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বাস, ট্রাক দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় আটকা পড়ে। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী বেশ কিছু গাড়ি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়ায় আটকা পড়ে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফরিদপুরের নগরকান্দা থেকে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত চাচা খলিলুর রহমানকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাচ্ছিলেন তাজদ্দিন আহম্মেদ। ভোর থেকে তাঁরা দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানান, চিকিৎসকেরা তাঁকে দ্রুত ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করাতে বলেছেন। বেলা ১১টায়ও তাঁরা ফেরিতে উঠতে পারেননি। এভাবে শতাধিক যাত্রীবাহী বাস, প্রায় ২০০ পশুবাহী ট্রাকসহ অন্যান্য গাড়ি আটকে থাকে। আটকে থাকা এসব গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, প্রকৃতির ওপর কারও হাত নেই। কুয়াশার কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে। তবে এখন চলাচল স্বাভাবিক আছে।