কুয়াশার সঙ্গে বৃষ্টি জীবনযাত্রা অচল
নীলফামারী এবং রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জে ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এতে শীতের তীব্রতা বাড়ায় এসব এলাকায় জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশা পড়ায় জেলায় গত দুই দিনে সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কনকনে শীত ও বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে না যাওয়ায় শহরের রাস্তাঘাট ফাঁকা। এতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শহরের বাবুপাড়া মহল্লার চা বিক্রেতা সহিদুল ইসলাম বলেন, এমনিতে বেশ ঠান্ডা পড়ছে। এর সঙ্গে গতকাল সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় শহরের মানুষের উপস্থিতি কম। এ কারণে বিক্রিও কম। সারা দিনে ২০০ টাকা বিক্রি হয়েছে। গত বুধবারও একই অবস্থা ছিল। এভাবে চললে পুঁজি থাকবে না। শহরের রিকশাচালক সাহেব আলী বলেন, ‘ঠান্ডাত ঘর থাকি বাইর হওয়া যায় না। তার পরও পেটের দায়ে রাস্তায় নামছি। বৃষ্টির জন্য বেশিক্ষণ রিকশাও চালান যায় না। বাইরের লোক আসতে না পারলে প্যাসেঞ্জার পাব কই। সারা দিনে ৫০ টাকাও হয় নাই। গতকালও একই অবস্থা ছিল। বৃহস্পতিবার নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর): বদরগঞ্জ ও তারাগঞ্জে গতকাল দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। পাশাপাশি দমকা বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার থেকে সূর্যের মুখ দেখা যায়নি। রাতে পড়ছে ঘন কুয়াশা। বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী, চিকলী, ফলিমারী ও ঘৃনই নদীর তীর ঘেঁষে অবস্থিত ২১টি এবং তারাগঞ্জ উপজেলার খাঁড়ুভাজ, যমুনেশ্বরী ও চিকলী নদীর পাড়ের ১২টি গ্রামের অন্তত ১৮ হাজার হতদরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছে।
তারাগঞ্জের মেনানগর গ্রামের শিউলী বেগম বলেন, ‘একে মরণের ঠান্ডা। তার ওপর ঝড়িতে (বৃষ্টিতে) ঠান্ডাত কোঁকড়া নাগি গেছি বাবা।’ বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, ‘তীব্র ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে উপজেলার অন্তত পাঁচ হাজার দরিদ্র প্রতিবন্ধী কষ্টে আছেন।’ বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ঠান্ডা কিছুটা কমেছিল। কিন্তু বৃষ্টিপাত ও বাতাসে ঠান্ডার তীব্রতা আবার বেড়ে গেছে।