কুষ্টিয়ায় পদ্ম-গড়াইয়ে বাড়ছে পানি

কয়েক দিন ধরে পদ্মা নদী ও গড়াই নদে পানি পাড়ছে। তবে এ দুটি নদ-নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ইতিমধ্যে পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল করা হয়েছে। আজও ছুটির দিনে তাঁরা অফিস করছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, পদ্মায় বিপৎসীমার মাত্রা ১৪ দশমিক ২৫ মিটার। সেখানে গতকাল সোমবার দুপুর ১২টায় ছিল ১৩ দশমিক শূন্য ৫ মিটার। পদ্মার শাখা নদ গড়াইয়ে পানির বিপৎসীমার মাত্রা ১২ দশমিক ৭৫ মিটার। সেখানে একই দিন ছিল ১১ দশমিক ৪৩ মিটার।
জানতে চাইলে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পদ্মার পাশে যেসব বাঁধ আছে, সেগুলোতে নজর রাখা হচ্ছে। বিশেষ করে দৌলতপুর উপজেলার ইসলামপুর বাঁধ, কুষ্টিয়া শহরের মহানগর ট্যাগ, কুষ্টিয়া শহর রক্ষার রেনউইক বাঁধ ও কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকা। শিলাইদহে পদ্মার বাঁধ নির্মাণের কাজ পানি বাড়ার কারণে বন্ধ রাখা হয়েছে।
জাহেদুল ইসলাম আরও বলেন, পদ্মা ও গড়াইয়ের পানি এখনো বিপৎসীমার নিচে আছে। তবে যেভাবে পানি বাড়ছে, তাতে কয়েক দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। পদ্মার চেয়ে গড়াইয়ে পানি বেশি বাড়ছে। পাউবোর সব কর্মকর্তা ও কর্মচারী সতর্ক অবস্থানে আছেন।
জেলা প্রশাসক জহির রায়হান বলেন, কুষ্টিয়ার নিম্নাঞ্চল এলাকা হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়ন। ওই এলাকায় এখনো তেমন বন্যা শুরু হয়নি। সেখানে নিয়মিত তদারকি করা হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক জানান, প্রশাসন বন্যা মোকাবিলায় সব রকম প্রস্তুতি রেখেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খোঁজ নিচ্ছে।