কুড়িগ্রাম, সৈয়দপুরে কালবৈশাখী, নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের তিন উপজেলা ও নীলফামারীর সৈয়দপুরের ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখীর ঝড় বয়ে গেছে। গতকাল রোববার ভোর ও শনিবার মধ্যরাতে কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার ওপর দিয়ে দুদফায় ঝড় বয়ে যায়। ঝড়ে রাজিবপুর উপজেলায় সাজি খাতুন (৪০) নামের এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। এদিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টিতে চার উপজেলাতেই ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় নিহত নারী সাজির পরিবারের সদস্যরা জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়ে সাজি খাতুন ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দিয়ারারচর কোনাচি পাড়া গ্রামের মৃত আবদুস ছামাদের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব ফকির বলেন, তাঁর এলাকার প্রায় ১ হাজার টিনের ঘরের চাল উড়ে গেছে। ঘরের টিন উড়ে ২টি গরুর মৃত্যুসহ মোট ২৫টি গরু এবং ২০ জন মানুষ আহত হয়েছে। এ ছাড়া ইউনিয়নের প্রায় ৩০০ একর জমির বোরো ধানসহ পেঁয়াজ ও পাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
চিলমারী ইউপির চেয়ারম্যান গয়ছল হক মণ্ডল বলেন, তাঁর ইউনিয়নে প্রায় চার শ ঘরবাড়ি এবং দুই শ একর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় দুই দিন ধরে গোটা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে।
রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইজুল কবির বলেন, রাজিবপুরের তিনটি ইউনিয়নের বেশ ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য মাঠপর্যায়ে কাজ চলছে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন বলেন, কালবৈশাখীতে ঝড়ে চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনকে হিসাব করে ক্ষতির পরিমাণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নীলফামারীর সৈয়দপুরে শনিবার রাতে কালবৈশাখীর সময় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। ১০ থেকে ১৫ মিনিটের এ ঝড়ে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বোতলাগাড়ি ও বাঙালিপুর ইউনিয়নের ভুট্টা, ইরি-বোরো, গম প্রভৃতি ফসলের ক্ষতি হয়। গাছপালা উপড়ে পড়ে।
সৈয়দপুর উপজেলার কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, ফসলের ক্ষতি নিরূপণের জন্য মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কাজ করছেন।