কুড়িগ্রামে নতুন করে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামে নতুন করে বন্যা দেখা দিয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি বিপৎসীমা ছুঁয়েছে। অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি বৃদ্ধির ফলে জেলার দেড় শতাধিক চর প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী, ফুলবাড়ী ও রাজীবপুর উপজেলার অন্তত ৫০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ২০ সেন্টিমিটার, ধরলায় ৫৫ সেন্টিমিটার, তিস্তায় ২১ সেন্টিমিটার ও দুধকুমারে ১৫ সেন্টিমিটার বেড়েছে।
গতকাল মঙ্গলবার বন্যাকবলিত এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি চরে পানি উঠেছে। কাঁচা সড়কগুলো ডুবে গেছে। লোকজন ছোট ও বড় নৌকায় চলাচল করছে। এসব চরের উঁচু ভিটা ছাড়া নিচু এলাকার বসতভিটায় কোমরপানি উঠেছে। ডুবে গেছে সবজিখেত। পানির প্রবল তোড়ে ভেঙে গেছে চরাঞ্চলের প্রায় অর্ধশত ঘরবাড়ি।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান বলেন, পানি বাড়তে থাকায় তাঁরা কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক রেখেছেন।