কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। তিস্তা, ধরলা, দুধকুমার, হলহলিয়া, জিঞ্জিরাম, সোনাভড়িসহ ১৬টি নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ধরলা নদের পানি ৫০ সেন্টিমিটার বেড়ে ২৬ দশমিক ৪১ সেন্টিমিটার, তিস্তায় ১৬ সেন্টিমিটার বেড়ে ২৮ দশমিক ৯৭ সেন্টিমিটার, দুধকুমার নদের নুন খাওয়া পয়েন্টে ২৯ সেন্টিমিটার বেড়ে ২৬ দশমিক ৬৩ সেন্টিমিটার হয়েছে।
বন্যাকবলিত নয়টি উপজেলার ৩৫টি ইউনিয়নে দুই শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাকবলিত বেশির ভাগ এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এতে এলাকায় বানভাসি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
আজ সোমবার উলিপুর, চিলমারী, রৌমারী রাজিবপুর ও কুড়িগ্রাম সদরসহ পাঁচটি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করা হয়েছে; যা প্রয়োজনের তুলনা কম। জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, ‘চাহিদা অনুযায়ী ত্রাণ দেওয়া হচ্ছে। যথেষ্ট মজুত রয়েছে।’

বন্যাকবলিত এলাকার সড়কগুলো তলিয়ে যাওয়ায় নৌকা ও কলার ভেলায় চলাচল করতে হচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে। বন্ধ হয়ে গেছে ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান। আটটি স্কুলে বিকল্প উপায়ে পাঠদান অব্যাহত থাকলেও অন্যগুলোতে বন্ধ হয়ে গেছে পাঠদান। ভাঙনের মুখে পড়েছে ১০টি প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়ন পর্যায়ে ৩২টি কমিউনিটি ক্লিনিকের চারপাশে পানি ওঠায় যোগাযোগ-সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকায় শত শত একরের পাটখেত তলিয়ে গেছে। গত কয়েক দিন ধরে পানির নিচে থাকায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগ দেখা দিয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীতীরবর্তী বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বানভাসিরা হাহুতাশ করছেন। এখানে প্রায় ২০টি পরিবারের শতাধিক মানুষ পানিবাহিত সমস্যায় ভুগছেন।
জগমোহনের চরের নবিরুদ্দি (৫৫) বলেন, ‘এলাকায় ঘরে ঘরে রোগ-ব্যাধি দেখা দিয়েছে। এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি।’
ফাতেমা খাতুন (৩৫) বলেন, ‘শৌচাগার, নলকূপ ডুবে গেছে। স্রোতে কখন ঘর ভেঙে যায়—এই আতঙ্কে আছি।’
সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে ৮৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।’
কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, ‘বন্যাকবলিত উপজেলাগুলোতে দুই হাজার প্যাকেট শুকনো খাবার, দেড় শ মেট্রিক টন জিআর চাল ও ৩ লাখ ২৫ হাজার টাকা সরবরাহ করা হয়েছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’