কুয়াশা কেটে গেলেই শীত নামবে ঢাকায়
হেমন্তের শেষ দিনগুলোতে রাজধানী ঢাকায় শীত আসি আসি করছে। ঢাকার বাইরে শীত পড়েছে অনেক আগেই। সেই হিমেল বাতাসের গায়ে কাঁটা তোলা আমেজ এই নগরে এখনো এসে পৌঁছায়নি। কয়েক দিন ধরে ঢাকায় গাঢ় কুয়াশা পড়ছে ঠিকই, কিন্তু আগুয়ান শীতের হিম হিম মিষ্টি আমেজটুকু নেই; বরং ঝিম ধরা গুমোট একটা ভাব আছে।
নগরবাসী অনেকেরই প্রশ্ন, এটা কি বায়ুদূষণজনিত সেই ধোঁয়াশা, যা সম্প্রতি চীনের কয়েকটি নগরকে অবগুণ্ঠিত করে রেখেছে? এ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে কথা হয়। ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এটা কুয়াশা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে কুয়াশা রয়েছে, তার উৎপত্তিস্থল ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের সমুদ্রসংলগ্ন। সম্প্রতি সেখানে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে বাংলাদেশের আকাশে কুয়াশা দেখা যাচ্ছে। মূলত সাগরে সৃষ্ট মেঘ ভারতের ওডিশা ও বিহার হয়ে বাংলাদেশে পৌঁছেছে।
দীর্ঘ পথ পাড়ি দেওয়া মেঘ বাংলাদেশে পৌঁছে কোথাও হালকা আবার কোথাও ভারী হয়েছে। বিশেষ করে, উপকূলীয় এলাকায় এই মেঘ ভারী ছিল। এতে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মেঘের কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। এই মেঘ ঢাকায় কুয়াশা হিসেবে দেখা যাচ্ছে। তবে ঢাকায় হালকা মেঘের কারণে দু-একটি স্থানে সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ওই কর্মকর্তা আরও বলেন, ঢাকার আকাশে স্বাভাবিকভাবেই ধুলো ও ধোঁয়া বেশি। এ জন্য কুয়াশাকে অনেক বেশি ঘন মনে হয়েছে। কিন্তু প্রকৃত ঘন কুয়াশা হলে গাছের পাতায় পানি পড়ে, স্যাঁতসেঁতে ভাব থাকে। কিন্তু এই কুয়াশা ঘন নয়। এতে সে রকম কিছু হয়নি। তিনি বলেন, কুয়াশা আরও দুই দিন থাকতে পারে। এটি কেটে গেলে ঢাকায় শীত পড়বে। দেশের অন্যান্য এলাকায় শীতের তীব্রতা বাড়বে।
গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩০ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি আর সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে হালকা লঘুচাপ আছে। এ কারণে প্রচুর মেঘ বাংলাদেশের আকাশে ছড়িয়ে আছে। ফলে রাতের তাপমাত্রা কমছে না।