কৃষকের হাতে টাকা নেই, কোরবানির পশুর দাম কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হাটগুলোতে এবার কোরবানির পশুর দাম অন্যবারের তুলনায় কম। হাটগুলোতে বিক্রি এখনো জমে ওঠেনি। একদিকে নতুন ধান ওঠেনি; টানা বৃষ্টি আর উজানের ঢলে কৃষকের ফসল নষ্ট হয়েছে। আবার কৃষকেরা পাটের দামও এবার গত কয়েক বছরের তুলনায় কম পেয়েছেন। তাই কৃষকের হাতে টাকা নেই। আর এর প্রভাব এবার পড়ছে কোরবানির পশুর দামে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি যাঁরা কোরবানির পশুর হাটে বিক্রির জন্য সারা বছর গরু পালন করেছেন, তাঁরা বিপাকে পড়েছেন।

নিজ বাড়িতে গরু পালন করে কোরবানির পশুর হাটে বিক্রি করতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার বছরখানেক আগেই এলাকার সচ্ছল ব্যক্তিরা হাট থেকে গরু কিনে পরিচিত লোকজনকে তা পালতে দেন। এ সময় মালিকেরা শর্ত দেন, কোরবানির আগে পালনকারীরা বিভিন্ন হাটে নিয়ে গরু বিক্রি করবেন। গরু কেনার টাকা বাদ দিয়ে যা লাভ হবে, তার অর্ধেক মালিক ও বাকি অর্ধেক পালনকারী পাবেন। কিন্তু এবার কোরবানির পশুর দাম কমে যাওয়ায় পালনকারীরা আশানুরূপ লাভ না পাওয়ার আশঙ্কায় পড়েছেন।

সদর উপজেলার খোঁচাবাড়ি, মাদারগঞ্জ, গড়েয়া, রামনাথহাট, রানীশংকৈলের নেকমরদ, বালিয়াডাঙ্গীর লাহিড়ি, হরিপুরের যাদুরানি, পীরগঞ্জের ফকিরহাটের পাশাপাশি পৌর এলাকায় পশুর হাট বসেছে। গতকাল শনিবার সদর উপজেলার খোঁচাবাড়ি ও গত শুক্রবার বালিয়ডাঙ্গীর লাহিড়ি হাটে গিয়ে দেখা যায়, বিক্রেতারা বিক্রির জন্য প্রচুর গরু-ছাগল এনেছেন। কিন্তু বিক্রি তেমন একটা নেই।

কৃষকেরা জানান, এ বছর পাট চাষ করে কৃষকেরা উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতি পোষাতে কৃষকদের বাড়তি টাকা খরচ করতে হয়েছে। এসব কারণে বেশি দামে কোরবানির পশু কিনতে আগ্রহী নন তাঁরা।

সদর উপজেলার শুখানপুখরী গ্রামের চাষি আহমেদ আলী বলেন, বানের ক্ষতির পর কৃষকের কোরবানির পশু কেনার ভরসা ছিল পাট। কিন্তু এখন পাটের দাম কমে যাওয়ায় কৃষকেরা কোরবানির পশু কেনা নিয়ে চিন্তায় পড়েছেন।

নিজ বাড়িতে পালন করা গরু হাটে বিক্রি করতে এসে উপজেলার জগন্নাথপুর গ্রামের ইয়াছিন আলী বলেন, গত বছর কোরবানির যে গরু ৩৭ থেকে ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে, এ বছর হাটে একই আকারের গরুর দাম ৩১ থেকে ৩২ হাজার টাকা। সারা বছরের লালন-পালনের খরচ ধরলে গরু পালনকারীদের এবার আশানুরূপ লাভ হবে না।

শুক্রবার লাহিড়ি হাটে গরু বিক্রি করতে এসেছিলেন ধনতলা গ্রামের মাসুম আলী। তিনি জানান, ঈদের আগের এ সময়ে যেভাবে হাট জমার কথা, সেভাবে জমেনি।

কোরবানির গরু কিনতে আসা পাড়িয়া গ্রামের কৃষক খসিউর রহমান বলেন, জেলার অধিকাংশ মানুষ কৃষিজীবী। যাঁরা কৃষিকাজ করে খান, উজানের ঢল তাঁদের সর্বনাশ করে গেছে। হাতে টাকা না থাকলে তাঁরা গরু কিনবেন কী দিয়ে? এতে হাটে কোরবানির গরুর দাম কমে গেছে।

গতকাল দুপুরে খোঁচাবাড়ি হাটে কথা হয় সদর উপজেলার নারগুন গ্রামের আহসান উদ্দিনের সঙ্গে। তিনি কয়েক দিন ধরে আশপাশের হাটগুলোতে গরু নিয়ে যাচ্ছেন। ভালো দাম না পেয়ে আবার বাড়িতে ফেরত নিয়ে আসছেন। আহসান বলেন, ‘গরুর ভালো দাম পেতে আমি ঈদের আগের দিন পর্যন্ত অপেক্ষা করব।’