কেঁপে উঠল সারা দেশ
গতকাল শনিবার দুপুর ১২টা ১১। ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দীর্ঘক্ষণেও আতঙ্ক কাটছিল না। ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে নেপালে ১১৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাবনা, বগুড়া ও টাঙ্গাইলে তিনজন মারা গেছেন। দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছেন দেড় শতাধিক।
আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের লামজুংয়ের ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে জানান, ১২টা ১১ মিনিট থেকে বাংলাদেশে ছয় থেকে সাতবার কম্পন হয়েছে। প্রথমবারের তীব্রতা সবচেয়ে বেশি থাকলেও পরে তা কমেছে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৭৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তাই এখানে ৪ থেকে ৫ রিখটার স্কেলে কম্পন হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পে ঢাকায় মোট আটটি এবং ঢাকার বাইরে ১৯টি ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের পরিদর্শক ভজন কুমার সরকার জানান, রাজধানীর ইসলামবাগের এরশাদ কলোনির একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে ভবনটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বঙ্গবাজারের কাছে পাঁচতলা আলাউদ্দিন ভবন, নবাবপুর পুলিশ ফাঁড়ির কাছে আটতলা ভবন, মিরপুর-১ নম্বরের দারুস সালামের পাঁচতলা ডায়মন্ড গার্মেন্টস ও কেরানীগঞ্জের আগানগরে সাততলা ভবনের বারান্দায় ফাটল দেখা দিয়েছে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি না হলেও রাজধানীতে আতঙ্ক ছিল বেশি। কম্পনের সময় নগরবাসী বাসা ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। লাফ দিয়ে পড়ে ও ভবন থেকে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের শিক্ষার্থীসহ তিনজন আহত হন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনজনের মৃত্যু: ভূমিকম্পে মাটির দেয়াল ধসে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোর্শেদা বিবি (৪৫) নামের এক নারী মারা গেছেন। টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার গুড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামে পরিনা বেগম (২৫) নামের এক নারী মারা গেছেন। কম্পনের সময় রান্নাঘর থেকে দ্রুত বের হওয়ার সময় মাথা ঘুরে পড়ে মারা যান তিনি।
পাবনা সদরের গোপালপুর মহল্লায় আতঙ্কিত হয়ে বাড়ি থেকে দৌড়ে বের হওয়ার চেষ্টা করেন রোকেয়া খানম (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। এ সময় রাস্তায় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
ঢাকার বাইরে আতঙ্ক: পাবনার ঈশ্বরদীতে শতাধিক নারী শ্রমিক ও স্কুলছাত্রী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) তিনটি কারখানার ৮৩ জন নারী শ্রমিক এবং শহরের দুটি বালিকা বিদ্যালয়ের ২০ জন ছাত্রী রয়েছে। অসুস্থদের মধ্যে ৬৩ জন নারী শ্রমিক ও তিন স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে আতঙ্কিত হয়ে দোতলা থেকে নিচে নামার সময় ভূঞাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী আহত হয়। ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জে তাড়াহুড়ো করে নামতে গিয়ে রূপগঞ্জ উপজেলার বরপায় অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানা এবং ফতুল্লার কায়েমপুরে ফকির নিটওয়্যার কারখানার কমপক্ষে ২০ শ্রমিক আহত হন। শহরের নয়ামাটি এলাকায় একটি সাততলা ভবন হেলে পড়ায় ওই ভবনটি সিলগালা করে দেয় জেলা প্রশাসন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকসহ তিন শিক্ষার্থী ও একই উপজেলার বিএন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষের ছাদের একাংশ খসে পড়েছে এবং ফাটল দেখা দিয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীতে ভূমিকম্পের সময় মেঝেতে পড়ে গিয়ে টিনে কাটা পড়ে দুই শিশু আহত হয়। জয়পুরহাটের ক্ষেতলাল থানা চত্বরে অবস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবনে ফাটল দেখা দিয়েছে।
কুষ্টিয়ার মিরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৭ ছাত্রী অসুস্থ হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল ইসলাম জানান, ভূমিকম্পের সময় স্কুলের দোতলায় ক্লাস চলছিল। এ সময় ভয় পেয়ে, মাথা ঘুরে, তাড়াহুড়ো করে কক্ষ থেকে বাইরে বের হতে গিয়ে ছাত্রীরা অসুস্থ হয়।
ময়মনসিংহে আতঙ্কে বাড়িঘর, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে খোলা জায়গায় যাওয়ার সময় বিভিন্ন উপজেলায় কমপক্ষে ২০ জন আহত হয়। শহরের গাঙ্গিনারপাড়ে অবস্থিত ‘অলকা নদী বাংলা’ নামের একটি ভবন হেলে পড়ার খবর ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে গিয়ে সত্যতা পাননি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে অবস্থিত নুরুল আমিন খান পাঠান উচ্চবিদ্যালয়ের একটি ভবনে ফাটল দেখা দেওয়ায় বিদ্যালয় ছুটি দেওয়া হয়। ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আতঙ্কে মহাসড়কে নেমে যান। এ সময় হুড়োহুড়িতে ছয় শ্রমিক আহত হন। ঈশ্বরগঞ্জে হুড়োহুড়িতে এক নারীসহ সাতজন আহত হন। কুমিল্লার হোমনা উপজেলায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামার সময় ১০ ছাত্রী আহত হয়। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার তিনটি কারখানার অন্তত অর্ধ শতাধিক নারী শ্রমিক ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন।
রাজশাহীতে ভূমিকম্পের সময় আতঙ্কে অচেতন ১৬ নারীকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুজন পুরুষকে অচেতন অবস্থায় ও আতিকুর রহমান (২৫) নামের এক যুবক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাঁর একটি পা ভেঙে গেছে।
ভূমিকম্পে গোপালগঞ্জ সদরের ফোকরা মদন মোহন একাডেমির প্রশাসনিক ভবন এবং ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষের ভবন ও বিজ্ঞান ভবনে ফাটল দেখা দিয়েছে। নীলফামারীতে ভূমিকম্পের পর উত্তরা ইপিজেডের সব কটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ফেনীতে একটি ১০ তলা বাণিজ্যিক ভবনে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দিয়েছে। সাভারের আল-মুসলিম গ্রুপের একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক আহত হন। এ সময় একজন শ্রমিক মারা গেছেন, এমন গুজব ছড়ালে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। পরে কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
ভূমিকম্পের সময় সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকা ডুবে একজন নিখোঁজ হন। একই সময় বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের একটি ফসল রক্ষা বাঁধ ধসে গেছে।
মানিকগঞ্জে ভূমিকম্পে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সাটুরিয়া উপজেলায় তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক আহত হন। ১১ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।