কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখননে ধীরগতি
ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন ও তীর সংরক্ষণের কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। গত বছরের ৮ মার্চ এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং বিদ্যুৎ, জালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
উদ্বোধনের সাড়ে ১০ মাস অতিবাহিত হলেও খালের কিছু কিছু জায়গায় বর্জ্য অপসারণ ছাড়া কোনো কাজ হয়নি। এ কারণে শুভাঢ্যা খালের তীর সংরক্ষণকাজ আদৌ সম্পন্ন হবে কি না, তা নিয়েও এলাকাবাসী শঙ্কায় রয়েছেন।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, খাল পুনঃখনন ও তীর সংরক্ষণকাজের নকশায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তাই মূল কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শুভাঢ্যা খালে পানির প্রবাহ সৃষ্টি করতে ও তীর সংরক্ষণে ১০ কোটি টাকা বরাদ্দ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড। প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রাথমিকভাবে ১০ কোটি টাকা ব্যয়ে খালের ১ দশমিক ৩ কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন ও তীর সংরক্ষণ করে পানির প্রবাহ সৃষ্টি করার পরিকল্পনা করা হয়।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী বুড়িগঙ্গা নদীর চর কালীগঞ্জ এলাকা থেকে গোলামবাজার এলাকা পর্যন্ত শুভাঢ্যা খালের প্রায় তিন কিলোমিটারের উভয় পাশে উচ্ছেদ অভিযান চালায়। তখন উভয় পাশে ১৮৬টি ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খালটি পুনরায় খনন করে নাব্যতা বাড়ানো হয়। খালটি পুনরায় ভরাট ও দখল হলে ২০১২ সালের জুলাই মাসের শেষের দিকে উপজেলা প্রশাসন ৫৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে খালটি খনন ও উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই আবার দখল ও দূষণের কারণে খালটি পূর্বাবস্থায় ফিরে যায়।
আগানগর এলাকার বাসিন্দা মো. হাসান আলী জানান, গত বছর খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন ও তীর সংরক্ষণকাজ শুরু হলেও এখন পর্যন্ত অগ্রগতি নেই। দফায় দফায় ঊর্ধ্বতন কর্মকর্তারা খালটি পরিদর্শনে এলেও যেমন খাল তেমনই রয়ে গেছে।
চর কালীগঞ্জ এলাকার বাসিন্দা মো. সোহাগ জানান, কর্তৃপক্ষ খালটি উদ্ধারে অভিযান শুরু করে। কিন্তু এখন কাজ থামিয়ে রাখা হয়েছে। এ কাজ আদৌ সম্পন্ন হবে কি না, সংশয় রয়েছে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন ও তীর সংরক্ষণ করার পরিকল্পনা ছিল। খালের তীরে সরকারি রাস্তা থাকায় উদ্ধার প্রকল্পের নকশায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। নতুন করে নকশা প্রণয়ন হলেই কাজ শুরু করা হবে।