কেরানীগঞ্জের জিনজিরার মোগল সুবাদারের নির্মিত প্রাসাদটি উদ্ধারে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের জিনজিরা প্রাসাদ। ছবি: প্রথম আলো
কেরানীগঞ্জের জিনজিরা প্রাসাদ। ছবি: প্রথম আলো

কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের হাউলী এলাকায় বাংলার মোগল সুবাদার দ্বিতীয় ইব্রাহীম খানের নির্মিত জিনজিরা প্রাসাদ পুরাকীর্তিটি উদ্ধারে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে।

আজ রোববার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (কেরানীগঞ্জ সার্কেল) পারভেজুর রহমানের নেতৃত্বে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা উপজেলার হাউলী এলাকার সামনে তিনটি সাইনবোর্ড দেন।
উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলার কেরানীগঞ্জের জিনজিরা প্রাসাদ পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা প্রাসাদটির তিন পাশে সাইনবোর্ড লাগিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জিনজিরা প্রাসাদের আশপাশ এলাকার একাধিক বাসিন্দা জানান, জিনজিরা প্রাসাদটি পুনরুদ্ধার ও সংরক্ষণ করা দরকার। এটা হাউলী গ্রামবাসীর একটি দাবি। তবে এ প্রাসাদের কাছে তিন পুরুষ ধরে এখানে বসবাস করছেন অনেকেই। প্রাসাদের আশপাশ এলাকায় জমি অধিগ্রহণ না করে এখান থেকে যদি তাদের উচ্ছেদ করা হয়, তবে তাঁরা পরিবার নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে চিন্তিত তাঁরা। সরকারের এসব বিষয় বিবেচনা করা উচিত বলেও তাঁরা দাবি করেছেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি (কেরানীগঞ্জ সার্কেল) পারভেজুর রহমান বলেন, ‘আজ দুপুরে জিনজিরা প্রাসাদে উপজেলা প্রশাসনের সাইনবোর্ড লাগানোর সময় আশপাশের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের বিষয়টি বুঝিয়ে আমরা প্রাসাদের তিন পাশে তিনটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছি।’
পারভেজুর রহমান আরও বলেন, ‘দুই বছর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর জিনজিরা প্রাসাদটি সংরক্ষণ ও পুনরুদ্ধারে সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জিনজিরা প্রাসাদটি সংরক্ষণ ও উদ্ধারে প্রাসাদে সাইনবোর্ড লাগিয়ে দিই।’
আজ ঐতিহাসিক এই পুরাকীর্তি উদ্ধার অভিযানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন ও উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার কাউছার আহমদসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ৬ নভেম্বর প্রথম আলো পত্রিকায় কেরানীগঞ্জের জিনজিরা প্রাসাদ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।