কোম্পানীগঞ্জে জোয়ারে পাঁচ ইউনিয়ন প্লাবিত
পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকা গতকাল সোমবার প্লাবিত হয়েছে। এতে ইউনিয়নগুলোর বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। বিদ্যালয় ও মানুষের বসতবাড়িতেও পানি উঠেছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা কমিটির সভাপতি ইলিয়াছ মিয়া বলেন, পূর্ণিমার প্রভাবে গতকাল দুপুরে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার-পাঁচ ফুট বেশি উচ্চতায় পানি আসে। এতে চর পার্বতী, চর হাজারী, দক্ষিণ মুছাপুর, চর ফকিরা ও চর এলাহী ইউনিয়নে ছোট ফেনী ও বামনী নদীর তীরের এলাকাগুলোর বেশির ভাগ মানুষের বসতঘরেই পানি উঠেছে।
গতকাল দুপুরে চর হাজারী ও চর পার্বতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে ছোট ফেনী নদীর তীরের বাড়িঘরসহ আশপাশের এলাকায় পানি উঠেছে। এসব এলাকার বাসিন্দারা জানান, দুপুরে রান্নার সময় জোয়ার শুরু হওয়ায় অনেকে রান্নাও করতে পারেননি। জোয়ারে চর পার্বতী এসটি উচ্চবিদ্যালয়, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে।
চর হাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, গতকাল অস্বাভাবিক জোয়ারে তাঁর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নদীর তীরবর্তী বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নাছির উল্লা খান বলেন, গতকাল বিকেল পর্যন্ত জোয়ারে প্লাবিত হওয়ার কথা তাঁকে কেউ জানায়নি। কেউ জানালে তিনি সেসব এলাকায় যাবেন।