
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে ঢুকলে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তির শেষ থাকে না। বাজারের রাস্তাঘাটগুলো খানাখন্দে ভরে গেছে। পানির নিষ্কাশনব্যবস্থা ও শৌচাগার নেই। অথচ বাজারটির ইজারা থেকে প্রতিবছর আসে কোটি টাকারও বেশি রাজস্ব। ইজারা নীতিমালা অনুযায়ী বার্ষিক আয়ের ১৫ শতাংশ হাট-বাজারের উন্নয়নে ব্যয়ের বিধান থাকলেও উপজেলা প্রশাসন তা মানছে না বলে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ।
উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সবচেয়ে বড় বাজার ভাঁরশো ইউনিয়নের চৌবাড়িয়া হাট। শুক্র ও সোমবার এখানে হাট বসে। আর সপ্তাহের বাকি দিনগুলো বসে বাজার। রাজস্ব আদায়ের দিক দিয়ে এটি নওগাঁ জেলার সবচেয়ে বড় হাট। এ বছর তহসিল বাজার ও পশুর হাট মিলে ২ কোটি ৪০ লাখ টাকায় চৌবাড়িয়া হাট ইজারা দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সংস্কারের অভাবে হাটের পাকা রাস্তাগুলোতে খানাখন্দ হয়ে চলার অযোগ্য হয়ে গেছে। বাজারের প্রধান সড়ক ধরে একটি নালা করা হলেও হাটের অন্যান্য স্থানে পানিনিষ্কাশনের ব্যবস্থাও নেই। হাটে মাত্র দুটি গণশৌচাগার থাকলেও তা নিয়মিত পরিষ্কারের অভাবে সেগুলো ব্যবহারের অনুপযোগী। বিক্রেতাদের জন্য শেড নির্মাণ করে দেওয়া হলেও সেখানে স্থান সংকুলান না হওয়ায় খোলা স্থানে বসতে হয় ব্যবসায়ীদের। এতে রোদ-বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় তাঁদের। এদিকে চৌবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতি শুক্রবার বসে পশুর হাট। একটু বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায় মাঠ। তখন দুর্ভোগে পড়তে হয় ক্রেতা-বিক্রেতা সবাইকে।
হাটে কেনাকাটা করতে আসা ভাঁরশো গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বাজারে সারা বছর কাদা থাকে। হাটের ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে চলা যায় না।
সবজিবিক্রেতা জিয়ারুল বলেন, ‘রাস্তার ধারত বসে ব্যবসা করলেও ইজারাদের লোকজনরে খাজনা দেওয়া লাগে নিয়মিতই। কিন্তু হামাগের ভাগ্যের কোনো উন্নতি নেই। রোদ-বৃষ্টি মাথায় নিয়া ব্যবসা করতে হয়। রাস্তায় কাদা-পানি থাকলে ক্রেতারা আসতে চায় না। তাই বাধ্য হয়ে কম দামে জিনিস বেচা লাগে।’
নিয়ামতপুর উপজেলার বটতলী গ্রামের গরু ব্যবসায়ী আনারুল বলেন, ‘জেলার অন্য বাজারগুলোতে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের চলাচলের জন্য পাকা রাস্তা করে দেওয়া আছে। কিন্তু এ হাটে পাকা রাস্তা না থাকায় কাদাপানির মধ্যে দাঁড়িয়ে গরু কেনাবেচা করতে হয়।’
কাপড় ব্যবসায়ী প্রবীর কুমার বলেন, ‘বাজারে সড়কবাতির কোনো ব্যবস্থা না থাকায় সন্ধ্যা নামলেই পুরো বাজার অন্ধকার। নিরাপত্তা নিয়ে আমাদের সব সময় শঙ্কায় থাকতে হয়।’
চৌবাড়িয়া বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বলেন, বাজারের রাস্তাঘাটগুলো আট-নয় বছর ধরে সংস্কার করা হয় না। ইউনিয়ন পরিষদ থেকে হাটের প্রধান রাস্তা ধরে একটি নালা করে দিলেও রাস্তার চেয়ে তা নিচু হওয়ায় পানিনিষ্কাশনে এটি কোনো কাজেই আসছে না।
নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, চৌবাড়িয়া হাটে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, একটা ছোটখাটো পৌরসভাতেও এত রাজস্ব আদায় হয় না। অথচ এখানে উন্নয়ন নেই। আইন অনুযায়ী বার্ষিক আয়ের ১৫ শতাংশ ব্যয় করার কথা। তা করলেও এই বাজারের কোনো সমস্যা থাকত না।
উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান বলেন, ‘চৌবাড়িয়াসহ উপজেলার চারটি বাজারের রাস্তা সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, এ বছরই এসব সংস্কারকাজ শুরু করা যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান বলেন, হাটটিতে নালা, গণশৌচাগার ও রাস্তাঘাটের উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব পেলে বাজারটির উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদে কিছু টাকা বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া রাস্তাঘাট উন্নয়নের জন্যও শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।