পটুয়াখালীর কলাপাড়ায় এলএনজি–ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে প্রকল্প এলাকাসহ আশপাশের এলাকায় নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে এক সমীক্ষায় উঠে এসেছে।
সমীক্ষা অনুযায়ী, তিন ফসলি জমিতে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্র চালু হলে কৃষির ক্ষতি হবে। এ ছাড়া প্রকল্প এলাকার কাছের নৌপথের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং ইলিশের উৎপাদনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়। ‘নির্মাণাধীন আশুগঞ্জ বিদ্যুৎ প্রকল্প: একটি আর্থসামাজিক সমীক্ষা’টি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।
‘পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প’টি বাস্তবায়ন করছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের জন্য কলাপাড়ার দেবপুর-ধানখালী-পাঁচজুনিয়া-চালিতাবুনিয়া মৌজা ও ধানখালী-চাঁপাপুর ইউনিয়নের প্রায় ৯৩০ দশমিক ৫১৫ একর জমি অধিগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। এর মধ্যে ৮৮২ একর কৃষিজমি।
সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান। এই প্রতিবেদন তৈরিতে ১০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের কারণে ২৯ কিলোমিটার নৌপথ ক্ষতিগ্রস্ত হবে। জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া আশপাশের এলাকার পানিনিষ্কাশনের ব্যবস্থাকেও প্রভাবিত করবে।
প্রতিবেদনে বলা হয়, আগুনমুখা নদী ও রাবনাবাদ নদ যেখানে মিশেছে, তার বিপরীত পাশেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। এলাকাটি কুয়াকাটা সমুদ্রসৈকতের কাছে ও আন্ধারমানিক ইলিশ অভয়ারণ্যেরও কাছাকাছি। এ প্রকল্পের কারণে ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রকল্প এলাকার জমি অনেক উর্বর। এলাকাটি ধান উৎপাদনের জন্য বিখ্যাত। সাম্প্রতিক বছরগুলোতে এখানে তরমুজ অন্যতম প্রধান ফসল হয়ে উঠেছে। বিভিন্ন জাতের ধান ও তরমুজ ছাড়াও মুগ, ভুট্টা ইত্যাদি চাষ হয়। প্রকল্পের কারণে আশপাশের জমির উর্বরতা শক্তিও হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এ ছাড়া বায়ুদূষণ, জীবিকার পরিবর্তন ও অন্যত্র সরে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
জমি অধিগ্রহণে দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। জমির জন্য ক্ষতিপূরণ ছিল সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩৭ লাখ টাকা। তবে সাক্ষাৎকারে অংশ নেওয়া ৮৪ শতাংশ ব্যক্তি জানিয়েছেন, এটা জমির প্রকৃত মূল্য নয়। স্থানীয় দালালেরা অবৈধ প্রক্রিয়ায় বাড়তি দাম হাতিয়ে নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, আর্থসামাজিক ও পরিবেশগত অবস্থার ভিত্তিতে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রতিকূল প্রভাব নিয়ন্ত্রণ ও প্রশমিত করার বিষয়গুলো বিবেচনা করা উচিত।
সংবাদ সম্মেলনে বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, মানুষের জীবিকা ও পরিবেশকে হুমকির মুখে ফেলে উন্নয়ন মানুষের উপকারে আসে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, কৃষিজমিতে কোনো বিদ্যুৎকেন্দ্র হবে না। কিন্তু কলাপাড়ায় তিন ফসলি জমিতে বিদ্যুৎকেন্দ্র নির্মিত হতে যাচ্ছে। দেশে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে, সে বিষয় বিবেচনায় নিয়ে বিদ্যুৎকেন্দ্র করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সম্পাদক ও বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণা ব্যবস্থাপক রিয়াসাত নূর প্রমুখ।