ক্ষতিগ্রস্ত গাছের মূল্য ১১০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গত শনিবারের ঝড়ের তাণ্ডব ছিল মাত্র ১৫ মিনিট। এতে ২০ জনের সঙ্গে প্রাণ গেছে ১ লাখ ৫৭ হাজার ৮০৩টি গাছের। এর আর্থিক মূল্য ১ হাজার ১০৪ কোটি টাকা বলে জানিয়েছেন বগুড়ার ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র।
এ ছাড়া ফসল, প্রাণিসম্পদ, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষতির আর্থিক পরিমাণ সব মিলিয়ে আরও প্রায় ১০০ কোটি টাকা বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান জানান, শহরের এডওয়ার্ড পার্কে প্রায় ৮০০ গাছ ছিল। ঝড়ে ছয় শতাধিক গাছ বিধ্বস্ত হয়েছে। এসব গাছ অপসারণে সাত দিনের জন্য পার্কে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান জানান, ঝড়ে এলাকার বিভিন্ন রাস্তায় দুই শতাধিক গাছ উপড়ে পড়েছে। বন বিভাগের খোঁজ না থাকায় সবই লোপাট হয়েছে।
বগুড়া সদর রেঞ্জের ফরেস্টার এস এম এনামুল হক বলেন, বগুড়া সদর, নন্দীগ্রাম, শাজাহানপুর ও সোনাতলা নিয়ে তাঁর রেঞ্জে প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ উপড়ে পড়েছে। এসব গাছের মধ্যে ৫০ শতাংশ ইতিমধ্যেই বন বিভাগের আওতায় নেওয়া সম্ভব হয়েছে।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম বলেন, ঝড়ে দুই ক্যাম্পাসের দুই শতাধিক গাছ উপড়ে যাওয়ায় এবং ডালপালা ভেঙে যাওয়ায় পুরো ক্যাম্পাস শ্রীহীন হয়ে পড়েছে। এ ছাড়া গাছ আছড়ে পড়ায় অধ্যক্ষের বাসভবনের প্রাচীর, গ্যারেজ ও লাইব্রেরি ভবনের সামনের বাগানের প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সড়ক-মহাসড়কে বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়া এসব গাছ দেখভালের জন্য সওজের আলাদা বিভাগ রয়েছে।
বগুড়ার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, গাছ অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
একসঙ্গে এত গাছের প্রাণহানি অবশ্যই পরিবেশের বিপর্যয় ডেকে আনার পাশাপাশি দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে।
পরিবেশের বিপর্যয় ঠেকাতে যে পরিমাণ গাছ ঝড়ে ক্ষতি হয়েছে, সেই পরিমাণ গাছ লাগানো নিশ্চিত করতে হবে। সরকারি রাস্তা, বিভিন্ন প্রতিষ্ঠানে দ্রুত সরকারি উদ্যোগে গাছ লাগানো এবং দুর্গত এলাকায় বেসরকারি পর্যায়ে বিনা মূল্যে চারা বিতরণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে সুপারিশ করা হবে।