ক্ষতিপূরণ চেয়ে মামলার বিধান বাদ গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্রান্সের প্যারিসে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে গতকাল শনিবার প্যারিস চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত খসড়ায় এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দেড় ও দুই ডিগ্রির নিচে রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। তবে আগের খসড়ায় কার্বন নিঃসরণকারী শিল্পোন্নত দেশগুলোর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলার যে বিধান ছিল, চূড়ান্ত খসড়ায় তা তুলে দেওয়া হয়েছে।
সম্মেলনে আসা ১৯৫টি দেশের সমঝোতাকারীরা গতকাল চূড়ান্ত খসড়াটি কপ-২১-এর প্রেসিডেন্ট ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াসের কাছে জমা দিয়েছেন। ফেবিয়াস আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া মন্ত্রী পর্যায়ে আলোচনায় এটি উত্থাপন করবেন। ১১ ডিসেম্বরের মধ্যে যাতে একটি চুক্তি হয়, সে জন্যই এত আয়োজন।
চুক্তিতে ১৯৫টি দেশের প্রতিনিধির মতামত দেওয়ার স্বাধীনতা আছে। তবে অন্য বিশ্বসভাগুলোর মতো এই আলোচনাতেও যে শক্তিশালী ধনী রাষ্ট্রগুলোর প্রভাব রয়ে গেছে, তা চূড়ান্ত খসড়া চুক্তির বিভিন্ন শর্তে বেশ স্পষ্টভাবেই রয়েছে। সম্মেলনের শুরুতে ওই খসড়াটি ছিল ৫৪ পৃষ্ঠার। বিভিন্ন বিষয়ে রাষ্ট্রগুলোর একাধিক মত থাকলে তা ব্র্যাকেটবন্দী করে পাশে দেওয়া হয়। শুরুর খসড়ায় এমন দেড় হাজার ব্র্যাকেট ছিল।
গতকাল জমা হওয়া খসড়া প্রতিবেদনটি ৪৮ পৃষ্ঠায় নামিয়ে আনা হয়েছে। ব্র্যাকেটের সংখ্যাও অর্ধেকে নেমে এসেছে। প্যারিস চুক্তি চূড়ান্ত হওয়ার আগে মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাষ্ট্রগুলোর মন্ত্রীদের মতৈক্যের ভিত্তিতে ওই সব ব্র্যাকেট উঠিয়ে দেওয়া হবে। সবাই অভিন্ন মতে পৌঁছালে তবেই চুক্তিটি স্বাক্ষর হবে।
তবে চুক্তিটি মেনে চলতে আইনগত বাধ্যবাধকতা থাকবে কি না তা এখনো নিশ্চিত হয়নি। প্যারিস সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান সমঝোতাকারী অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, চুক্তিতে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি বা লস অ্যান্ড ড্যামেজের বিষয়টি যুক্ত করা, বৈশ্বিক তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বাড়তে না দেওয়ার দাবি বাংলাদেশের পক্ষ থেকে শুরু থেকেই আমরা করে এসেছি। খসড়াতেও সেগুলো যুক্ত করা হয়েছে। তবে সবুজ জলবায়ু তহবিল থেকে সরাসরি অর্থ চাওয়াসহ আমাদের বেশ কিছু দাবি খসড়া চুক্তিতে যোগ করা হয়নি।
প্রথম খসড়া চুক্তিতে এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে তিনটি বিকল্প ছিল। দেড় ডিগ্রি, দুই ডিগ্রি ও দুই ডিগ্রির নিচে। চূড়ান্ত খসড়ায় দেড় ও দুই ডিগ্রির নিচে রাখার পক্ষে মত দেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বা লস অ্যান্ড ড্যামেজ বিষয়টি চুক্তিতে যোগ করা হলেও প্রথম খসড়ায় কার্বন নিঃসরণকারী রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করার বিষয়টি ছিল। ওই শর্তটি উঠিয়ে দিয়ে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতির জন্য বিমা করতে পারে এবং বিমা কোম্পানিগুলো প্রমাণ সাপেক্ষে ওই ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করবে। অর্থাৎ এর মাধ্যমে কার্বন নিঃসরণকারী রাষ্ট্রগুলো তাদের দায় এড়ানোর সুযোগ পেল বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক সংস্থা ডব্লিউডব্লিইউএফ, অক্সফাম ও অ্যাকশন এইড।
গতকাল সম্মেলনকেন্দ্রের ভেতরেই বিভিন্ন পরিবেশবাদী সংস্থা জলবায়ু ক্ষতির জন্য ক্ষতিপূরণের ব্যাপারে রাষ্ট্রগুলোকে দায়িত্ব নেওয়ার দাবি তুলে বিক্ষোভ সমাবেশও করেছে। সমাবেশস্থলে হাঁস ও বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করে তারা বলেছে, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এভাবে হাঁসের মতো ভেসে ভেসে জীবনযাপন করতে হবে।
প্যারিস সম্মেলনে যেন এমন একটি চুক্তি হয়, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রক্ষার ব্যবস্থা থাকে, সেই প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। গতকাল সম্মেলনকেন্দ্রে তাঁর ওই বক্তব্যটি প্রচার করা হয়। তিনি ধনীদের ভোগবিলাস থেকে বিরত থেকে তাপমাত্রা কমাতে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন।