কয়রাবাসীর দুঃখ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপোতাক্ষ নদের ভাঙনে বিলীন হওয়ার পথে খুলনার কয়রা উপজেলার ঘাটাখালী এলাকার বেড়িবাঁধ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
কপোতাক্ষ নদের ভাঙনে বিলীন হওয়ার পথে খুলনার কয়রা উপজেলার ঘাটাখালী এলাকার বেড়িবাঁধ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ভাঙতে ভাঙতে কিছু জায়গায় বাঁধ চওড়া আছে মাত্র এক-দেড় ফুট। বড় জোয়ারে নদের পানি কানায় কানায় ভরে যায়। কখনো বাঁধ উপচে পড়ে পানি। চিন্তায় রাতে ঘুম হয় না। ভয়ে মাঝেমধ্যে ঘরের জিনিসপত্র ও খাদ্যসামগ্রী পাশের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে রেখে আসেন দিনমজুর আবদুল জলিল।

খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের পারের হরিণখোলা গ্রামের বাসিন্দা আবদুল জলিল। এ গ্রামের পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। গত জুলাই মাসেনদের ঢেউ বাঁধের ওপর দিয়ে চলে আসছিল। তখন এলাকাবাসী মিলে বাঁধটি মেরামত করে। তবে আতঙ্ক পিছু ছাড়েনি তাদের।

হরিণখোলার পাশের গ্রাম ঘাটাখালী গত ২৮ মে রাতে বাঁধ ভেঙে প্লাবিত হয়। গ্রাম দুটির মাঝে একটি বড় বাঁধ থাকায় তখন ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় হরিণখোলাবাসী। তবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ঘাটাখালীসহ পাঁচটি গ্রাম।

সেদিনের কথা বলছিলেন ঘাটাখালীর রিয়াসাদ মোল্লা, ‘রাতটা ছিল প্রথম রোজার। তাই সাহ্‌রির জন্য রান্নাবান্না শেষে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ১২টার দিকে পানির শব্দে ঘুম ভাঙে। দেখি, উঠানে পানি চলে এসেছে। পরিবার-পরিজন নিয়ে এক কাপড়ে কোনোমতে ঘর থেকে বেরোনোর সুযোগ পাই। এলাকাবাসী তিনবার স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়। তিন দিন পর বিকল্প রিং বাঁধ দিয়ে পানি আটকানো হয়।’

বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়নি এমন মানুষ কয়রায় খুঁজে পাওয়া মুশকিল। এখানকার মানুষের এখন প্রধান দুঃখ হয়ে দাঁড়িয়েছে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। তিনটি বড় বড় নদ দিয়ে ঘেরা কয়রার চারদিকে প্রায় ১৩০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে।

কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন বলেন, উপজেলার অন্তত ৪০টি এলাকায় বাঁধের অবস্থা করুণ। অধিক ঝুঁকিপূর্ণ এ স্থানগুলো এলাকাবাসীকে নিয়ে মেরামত করা হলেও প্রতিবছরই কোনো না কোনো এলাকায় বাঁধ ভেঙে যায়। সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে একাধিকবার লিখিত আবেদন করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। সমস্যার স্থায়ী সমাধান না হলে কয়রাবাসী আবার আইলার মতো বড় বিপর্যয়ে পড়তে পারে।

 উপজেলা খুলনার, এলাকা সাতক্ষীরা পাউবোর

কয়রা পাউবোর ১৩/১৪-১ ও ১৩/১৪-২ নম্বর পোল্ডারের (চারদিকে নদীবেষ্টিত দ্বীপ অঞ্চল) অন্তর্ভুক্ত। এর পূর্ব পাশে সুন্দরবনের পাশ দিয়ে বয়ে গেছে শাকবাড়িয়া নদী, দক্ষিণ-পশ্চিম পাশে কপোতাক্ষ ও উত্তর পাশে রয়েছে কয়রা নদী। উপজেলা খুলনার হলেও এলাকাটি পাউবোর সাতক্ষীরার অন্তর্ভুক্ত। অভিযোগ রয়েছে, এ কারণেই পাউবোর কর্মকর্তারা এখানকার বাঁধ মেরামতে খুব একটা আগ্রহী নন। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ না করলে তাঁরা কোনো পদক্ষেপ নেন না। এমনকি কয়রায় পাউবোর স্থায়ী কোনো উপসহকারী প্রকৌশলীও নেই। সাতক্ষীরা সদরের একজন সেখানকার অতিরিক্ত দায়িত্বে আছেন।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদিউজ্জামান বলেন, বাঁধ সংস্কারের বিষয়টি জেলা মাসিক সমন্বয় সভায় প্রতিবারই উপস্থাপন করা হয়। কিন্তু কোনো ফল আসে না। ভিন্ন জেলায় হওয়ায় কয়রার বাঁধ সংস্কারে পাউবোর কর্মকর্তাদের আগ্রহ কম বলে তিনিও অভিযোগ করেন।

সাতক্ষীরা পাউবো সূত্রে জানা গেছে, ২০০৯ সালে প্রলয়ংকরী জলোচ্ছ্বাস আইলার পর গত সাত বছরে অন্তত কয়েক দফা ভাঙনের কবলে পড়েছে ষাটের দশকে নির্মিত কয়রার বেড়িবাঁধ। আইলার প্রভাবে ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো তিন বছর পর মেরামত করা হয়। তবে নতুন বাঁধ নির্মাণে আজও উদ্যোগ নেওয়া হয়নি।

গত ১৭ ও ১৮ আগস্ট কয়রার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বাঁধের ওপরের রাস্তা চওড়া থাকার কথা ১৪ ফুট, সেখানে কিছু কিছু এলাকায় বাঁধ আছে মাত্র এক থেকে দেড় ফুট। এমন দুরবস্থা দেখা গেছে হরিণখোলা, ঘাটাখালী, কাঠকাটা, জোড়শিং, ঘড়িলালা, আংটিহারাসহ আরও অনেক এলাকায়।

কাঠকাটা এলাকার অবস্থা মারাত্মক ঝুঁকিপূর্ণ। সেখানে কপোতাক্ষ নদ ও শাকবাড়িয়া নদীর মাঝ বরাবর ব্যবধান রয়েছে প্রায় ৫০০ মিটার। দুই নদ-নদীর দুই পাশই ব্যাপক হারে ভাঙছে। কপোতাক্ষ নদের বাঁধের একটি অংশ রিংবাঁধ দিয়ে পানি আটকানো হয়েছে। তবে ওই রিংবাঁধেও ভাঙন ধরেছে। যেকোনো সময় তা ভেঙে যাবে। আর শাকবাড়িয়া নদীর পাশ দিয়ে তৈরি করা দক্ষিণ বেদকাশী ইউনিয়ন সংযোগ সড়কটির প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়েছে। কোনো রকম মাটি দিয়ে বাঁধ ঠেকানোর চেষ্টা চলছে। ওই দুই নদীর বাঁধ মেরামতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় তা ভেঙে কয়রার সঙ্গে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

শাকবাড়িয়া নদীর এক পাশের বাঁধ থেকে মাটি নিয়ে অন্য পাশের বাঁধ মেরামতের কাজ করছিলেন দুজন শ্রমিক। জানতে চাইলে তাঁদের একজন সালাম বিশ্বাস বলেন, আপাতত পানি আটকানোর জন্য এ ব্যবস্থা করা হচ্ছে।

পাউবোর কর্মকর্তারা বলছেন, সিডর ও আইলার সময় বাঁধের ব্যাপক ক্ষতি হয়। এরপর কিছু কিছু এলাকায় প্রকল্পের আওতায় বাঁধ মেরামত করা হয়। বাকি থাকে বেশির ভাগ এলাকা। তবে বর্তমানে ভাঙন রোধে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙনের সমস্যা আর থাকবে না।

সাতক্ষীরা পাউবোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, কয়রায় খুব কম এলাকাতেই বাঁধ ভালো আছে। মোট বাঁধের প্রায় ২৫ শতাংশ এলাকা অধিক ঝুঁকিপূর্ণ। তবে ১৩/১৪-১ পোল্ডারটির জন্য বিশ্বব্যাংক অর্থায়নে ‘উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প’ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে এ কাজ শুরু হবে। আর ১৩/১৪-২ পোল্ডারটির জন্য জাইকার কাছে প্রকল্প জমা দেওয়া হয়েছে। তিনি আশা করছেন, সেটির কাজও আগামী বছর শুরু হবে।