রাজশাহীতে টানা খরা চলছে। গত বছরের চেয়ে গড় তাপমাত্রা বেড়েছে। বৃষ্টিও কমেছে। খরার কারণে ফসলের ক্ষতি হচ্ছে। মানুষের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে। সেই সঙ্গে রাজশাহীতে আমের বাম্পার ফলনের সম্ভাবনা শেষ হয়ে গেছে।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের এপ্রিল মাসের ১৫ দিনই বৃষ্টি হয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এবার মাসের গোড়ার দিকে বৃষ্টি হয়েছে মোটে দুই দিন। আর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক ২ ডিগ্রিতে, যা রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গত বছরের এপ্রিলে গড় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এবার তা উঠেছে ৩৮ দশমিক ৭৮ ডিগ্রিতে। এই দাবদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রাজশাহীতে উত্তপ্ত আবহাওয়ার কারণে প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে কম। চলতি পথে অধিকাংশ যাত্রীই রিকশার হুড তুলে রোদের তাপ থেকে গা বাঁচিয়ে চলার চেষ্টা করছে। প্রচণ্ড গরমের কারণে গভীর রাত পর্যন্ত মানুষ ঘুমাতে পারছে না। এর মধ্যে লোডশেডিংয়ের কারণে এই যন্ত্রণা আরও বেড়েছে। নগরের ঘোড়ামারা এলাকার বাসিন্দা বিক্রমাদিত্য বলেন, গত সোমবার রাতে এই গরমের মধ্যে রাতে তিনবার বিদ্যুৎ গেছে। রাতে ঘুমানোর পরিবেশই ছিল না।
খরার কারণে জনজীবনে অস্বস্তির পাশাপাশি ফসলেরও ক্ষতি হচ্ছে। এর মধ্যে আম ও লিচুর ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। রাজশাহী ফল গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, এবার রাজশাহীতে ১৬ হাজার ৩৮৩ হেক্টর জামিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ১৫ হাজার ৫৭৯ মেট্রিক টন। গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দিন জানান, এই লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। তবে মুকুল দেখেই তাঁরা বাম্পার ফলনের আশা করেছিলেন। সেটি আর হবে না। কারণ চারটি কারণে আম ঝরে যায়, তার মধ্যে খরা একটি। এখন আমচাষিরা যদি সকালে অথবা সন্ধ্যায় আমবাগানে সেচ দিতে পারেন, তাহলে ভালো হয়।
এদিকে টানা খরার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের অনেকেই বোতলে স্যালাইন ভরে নিয়ে যাচ্ছে।
জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান সানাউল হক বলেন, প্রচণ্ড খরতাপ আর গরমের কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়ে যাচ্ছে। এ জন্য ডিহাইড্রেশন হচ্ছে। আবার শিশুরা তাপ নিয়ন্ত্রণ করতে পারে না। এতে করে হিটস্ট্রোকের আশঙ্কা বেড়েছে। সেই সঙ্গে হাসপাতালে সর্দি-কাশির রোগীর পরিমাণ বেড়েছে। তিনি বলেন, কয়েক দিন আগে হাসপাতালে ডায়রিয়া রোগীর পরিমাণ খুবই বেড়েছিল। এখন একটু কমে এসেছে। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক বলা যাবে না।