খাগড়াছড়িতে ঝড়ে ২০০ ঘর বিধ্বস্ত
খাগড়াছড়িতে গত সোমবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৫ মিনিট স্থায়ী ওই ঝড়ে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ঝড়ে জেলা শহর ছাড়াও গোলাবাড়ি, কমলছড়ি, কৃষি গবেষণা এলাকাসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঝড়ে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বহু গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন স্থানে বাসাবাড়ির দেয়াল ধসে পড়েছে। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত কয়েক শ পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ক্ষয়ক্ষতির তালিকা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় ও অনেক জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে যাওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর বলেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের খাগড়াছড়ির উপপরিচালক জানান, ঝড়ে আম, লিচু, কাঁঠাল ও কলা ছাড়াও সবজিখেতের ক্ষতি হয়েছে।