প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা সদরসহ দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
খাগড়াছড়ি জেলা সদরের মুসলিমপাড়া, শান্তিনগর, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, গোলাবাড়ি, খবংপুড়িয়ার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। চেঙ্গী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে দীঘিনালা উপজেলার মাইনী নদীতে পানি বৃদ্ধির কারণে মেরুং ইউনিয়নের পাঁচ-সাতটি গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মানিকছড়ি উপজেলায় তিনটহরী এলাকায় বেইলি ব্রিজের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বুধবার বিকেলে কয়েক ঘণ্টার জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহজান হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মরা কয়লামুখ এলাকায় একটি নির্মাণাধীন সেতু পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে ফেনী ও ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।