খানাখন্দে ভরপুর দুই রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিচ উঠে রাস্তার মাঝ বরাবর গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে আবার পানি জমে দুর্ভোগ দিয়েছে বাড়িয়ে। ছবিটি সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে গত বুধবার তোলা l প্রথম আলো
পিচ উঠে রাস্তার মাঝ বরাবর গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে আবার পানি জমে দুর্ভোগ দিয়েছে বাড়িয়ে। ছবিটি সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে গত বুধবার তোলা l প্রথম আলো

পিচ উঠে স্থানে স্থানে তৈরি হয়েছে অজস্র খানাখন্দ। কয়েক দিনের বৃষ্টিতে সেখানে জমেছে পানি। এ অবস্থায় জল, কাদায় থিকথিক করছে পুরো রাস্তা। এতে করে পথ চলতে চরম সমস্যায় পড়তে হচ্ছে যান চালকদের। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
স্থানীয় লোকজনের দাবি, দুই বছর ধরে রাস্তার এমন হাল, অথচ তা সংস্কারে কোনো উদ্যোগ নেই। আর এ অবস্থা চলছে নগরের শেখঘাট ও কলাপাড়া এলাকার প্রধান রাস্তা দুটিতে।
সরেজমিনে দেখা গেছে, শেখঘাট এলাকায় নগরের প্রায় সব কটি অটো রাইস মিল অবস্থিত। এর ফলে প্রতিদিনই এখানে কয়েক শ ট্রাক চলাচল করে। তবে এলাকার প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় এসব ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই অবস্থা বিরাজ করছে কলাপাড়া এলাকার রাস্তায়ও।
গত বুধবার বেলা দুইটায় শেখঘাটের রাস্তা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তরিকুল মিয়া তাঁর সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘রাস্তায় খানাখন্দ থাকায় ঝাঁকুনিতে স্ত্রীর ব্যথা বেড়ে যাচ্ছে। চালক যতই ধীরে গাড়ি চালান না কেন, ঝাঁকুনি কোনোভাবেই এড়ানো সম্ভব হচ্ছে না।’
শেখঘাট ও কলাপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রধান রাস্তা দুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পিচ উঠে পাথর ও ইটের খোয়া বেরিয়ে অসংখ্য গর্ত তৈরি হওয়ায় ঝাঁকুনির পর ঝাঁকুনি খেয়ে রিকশায় করে পথ চলতে হচ্ছে। বিশেষ করে রোগী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের নিয়ে পথ চলতে বেশি সমস্যা হচ্ছে।
গত এক সপ্তাহে কলাপাড়া এলাকার রাস্তায় সৃষ্ট খানাখন্দে রিকশা ও অটোরিকশা উল্টে সাত থেকে আটটি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই এলাকার ব্যবসায়ী সোহেল আহমদ। তিনি বলেন, বৈশাখ মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এ কারণে খানাখন্দে পানি জমে থাকছে। তবে বৃষ্টির পানিতে ডুবে থাকায় চালকেরা অনেক সময় গর্তগুলোর অস্তিত্ব ঠাহর করতে পারেন না। এতেই মূলত দুর্ঘটনা ঘটছে।
গত বৃহস্পতিবার বেলা একটার দিকে শেখঘাট এলাকায় একটি অটোরিকশার সঙ্গে যাত্রীবাহী রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাযাত্রী সানজিদা বেগম ও তাঁর পাঁচ বছরের ছেলে সাইফুর রহমান মাটিতে পড়ে আহত হন। ঘটনার পর রিকশাচালক কাওসার উদ্দিন বলেছিলেন, ‘সিএনজিচালকেরও কুনু দোষ নাই। খানাখন্দে পইড়া আমার রিকশারে ধাক্কা দিছে।’
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান রাস্তা দুটির বেহাল অবস্থার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দুই এলাকার রাস্তা নির্মাণে টেন্ডার আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগির দরপত্র আহ্বান শেষে রাস্তার সংস্কারকাজ শুরু হবে।’