
কেউ টাকা মেরে দিয়েছে, কেউ নামকাওয়াস্তে কাজ করেছে, কেউ প্রকল্পের দেওয়া শর্তের বেশির ভাগই বাস্তবায়ন করেনি। সরকারের জলবায়ু ট্রাস্ট তহবিল (বিসিসিটিএফ) থেকে বরাদ্দ পাওয়া ৫০টি প্রকল্পেরই এমন হাল। বিসিসিটিএফ কর্তৃপক্ষের করা প্রতিবেদনেই এমন চিত্র উঠে এসেছে।
সরকারের ১৪টি মন্ত্রণালয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া ২৩৬টি প্রকল্পের মূল্যায়ন করতে গত বছরের নভেম্বরে ওই প্রতিবেদন তৈরি করেছে বিসিসিটিএফ।
দুর্নীতি ও অনিয়ম পাওয়ায় ৫০টি প্রকল্পের মধ্যে ১৯টির অর্থ ছাড় বন্ধ করে দিয়েছে জলবায়ু ট্রাস্ট বোর্ড। গত বছরের ২৫ নভেম্বর ট্রাস্ট বোর্ড এসব প্রকল্পে আর অর্থ ছাড় না করার সিদ্ধান্ত নিয়েছে। ৫০টি প্রকল্পের বিরুদ্ধে কাজ না করে টাকা উত্তোলন, নিয়ম ভঙ্গ করে অর্থ ব্যয়, অনুমোদিত কাজের চেয়ে কম কাজ করাসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, মেয়াদ শেষ হয়ে গেলেও ২৩৬টি প্রকল্পের মধ্যে ১৫০টির কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে এসব প্রকল্প নেওয়া হয়। এসব প্রকল্পে মোট দুই হাজার ৬৭৫ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ছাড় করা হয়েছে এক হাজার ৮৩২ কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৯টি প্রকল্পের অর্থ ছাড় স্থগিত করা হয়েছে। আরও কিছু প্রকল্পের অনিয়মের অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা অনুসন্ধান করে তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই প্রকল্পগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
জলবায়ু ট্রাস্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সরকারি সব প্রকল্পের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়নের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬২টি প্রকল্পের প্রভাব মূল্যায়ন করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, মূল্যায়ন ও তদারকি বিভাগকে (আইএমইডি) দায়িত্ব দেওয়া হয়েছে।
অনিয়মের পূর্বাভাস ছিল: ২০১৩ সালের ১৩ জানুয়ারি জলবায়ু ট্রাস্ট থেকে বরাদ্দ দেওয়া ১১০টি প্রকল্পের ওপরে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে ট্রাস্ট বোর্ড। ওই সময়ে শেষ হওয়া ১৯টি প্রকল্পের মূল্যায়ন করে ১৩টির অবস্থা ‘খারাপ’ ও ছয়টি ‘খুব খারাপ’ হিসেবে চিহ্নিত করা হয়। তখন এসব প্রকল্পের পরিচালকেরা সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। তাঁদের আশ্বাসের ভিত্তিতে ট্রাস্ট কর্তৃপক্ষ অর্থ ছাড় করে। কিন্তু ২০১৪ সালের নভেম্বরের মূল্যায়নে ‘খারাপ’ ও ‘খুব খারাপ’ প্রকল্পের সংখ্যা দাঁড়ায় ৫০টি।
বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের (বিসিসিটিএফ) সদস্য এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান প্রথম আলোকে বলেন, ট্রাস্টি বোর্ড সব সময় সঠিকভাবে মূল্যায়ন করেই প্রকল্পগুলোতে অর্থ দেওয়ার সুপারিশ করেছে। কিন্তু প্রকল্পগুলোর কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব ছিল ট্রাস্ট কর্তৃপক্ষের। সংস্থাটিতে প্রকল্প তদারকির জন্য দক্ষ জনবল নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি। মন্ত্রণালয়ও ঠিকমতো প্রকল্পের তদারক করেনি। তাই কিছু প্রকল্পে অনিয়ম ধরা পড়ছে।

প্রতিষ্ঠানও নেই: পরিবেশসম্মত জাহাজভাঙা শিল্প প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে গ্রিন ডক নামের একটি প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছিল পরিবেশ ও বন মন্ত্রণালয়। ২০১০ সালে এক কোটি টাকা ছাড় করা হয়। কিন্তু তিন দফায় সময় বাড়ানোর পরও কাজ শেষ না হওয়ায় গত বছরের ১১ সেপ্টেম্বর প্রকল্পটি বাতিলের সুপারিশ করা হয়।
নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন ডক কাজ না করায় ওই এক কোটি টাকা দেওয়ার পর আদায়ের জন্য ট্রাস্ট কর্তৃপক্ষ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
জানতে চাইলে গ্রিন ডকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অম্লান দেওয়ান প্রথম আলোকে জানান, গ্রিন ডক নামের প্রতিষ্ঠানটি বিলুপ্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মারিয়াস ভানডেল স্টয়েল বাংলাদেশ ছেড়ে নেদারল্যান্ডসে চলে গেছেন।
মুঠোফোনে মারিয়াস ভানডেল স্টয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ইয়ার্ড স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পটি শেষ করা সম্ভব হয়নি।
যত অভিযোগ: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সেচ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মুহুরি এলাকায় বেড়িবাঁধ উন্নয়নের জন্য ১৭ কোটি ৫৬ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। পাউবোর মাধ্যমে বাস্তবায়নাধীন এই প্রকল্পের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প এলাকায় পাঁচ কিলোমিটার খাল খননের কথা থাকলেও হয়েছে তিন কিলোমিটার। বাকি কাজ কেন হয়নি, তার কোনো সদুত্তর দিতে পারেনি পাউবো।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চণ্ডীপুর লঞ্চঘাট থেকে ওয়াপদা ও সুরেশ্বর লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীর ডান তীরের ভাঙন রক্ষায় ১৫ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বিসিসিটিএফ কর্তৃপক্ষের প্রতিবেদন বলছে, এই প্রকল্পের বেশির ভাগ কাজে সরকারের ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসরণ করা হয়নি।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনকে (পিডিবিএফ) জলবায়ু বিপন্ন এলাকায় সৌরবিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরিদর্শন দল অনুসন্ধান করে দেখতে পেয়েছে, প্রকল্পের বিভিন্ন খাতে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।
চাঁদপুরের কচুয়া উপজেলার ঘুঘরার বিল থেকে পিতাম্বরদী, নারিন্দা, কাওয়াদী বাজার ও নায়েরগাঁও হয়ে মেঘনা নদী পর্যন্ত সাচার খাল পুনরায় খননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। গত বছরের ২২ জানুয়ারি ট্রাস্ট থেকে প্রকল্প এলাকাটি সরেজমিনে পরিদর্শন করা হয়। নকশা অনুযায়ী খালটির গড় গভীরতা পাঁচ মিটার এবং প্রস্থে ৩০ মিটার হওয়ার কথা বলা ছিল। বাস্তবে গড় গভীরতা ৩ দশমিক ২ মিটার ও গড় প্রশস্ততা ২২ দশমিক ৫ মিটার।
চাঁদপুরের ছেংড়ারচর পৌরসভাকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপযোগী করার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠায় ট্রাস্ট থেকে প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়। সরেজমিন অনুসন্ধান এবং নথি পর্যালোচনা করে পরিদর্শন দল দেখতে পায়, প্রকল্পের আওতায় পৌরসভার জন্য ৩২৫টি হস্তচালিত গভীর নলকূপ স্থাপনের কথা ছিল। কিন্তু দেখা গেছে মাত্র ৪২টি নলকূপ স্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রকল্পের নামে ছাড় করা ৯৭ লাখ ৫০ হাজার টাকার কোনো হিসাবও তারা দিতে পারেনি।