
অপরূপ সুন্দরবন। অপরূপ এ বনের গাছপালা ও বন্য প্রাণী। এ বনের সাতক্ষীরা রেঞ্জের একটি ছোট খালের মধ্য দিয়ে চলেছি। ডিঙি নাও। ভোঁদড় মাঝেমধ্যে খালের দুই ধারে ঝোপালো ঝানা গর্জনগাছের ঝোপ থেকে উঁকি দিচ্ছে। ঝানা গর্জনের ঠেসমূলগুলো গাছের গোড়ার চারদিকে বেরিয়ে সুন্দর জালের মতো অবয়ব তৈরি করছে। সুন্দরবনের গাছগাছড়ায় সব সময় ফুল ধরে না। প্রধানত বর্ষা মৌসুমে কিছু প্রজাতির অধিকাংশ প্রজাতির উদ্ভিদে ফুল আসে। তখন নানান ধরনের প্রজাপতি এ বনের ফুলে ফুলে বিচরণ করে।
সুন্দরবনের অনেক গাছপালার ভিড়ে ছোট থেকে মাঝারি গড়নের একটি গাছ হলো খুলশী (Aegiceras corniculatum)। এটি গুল্ম বা ছোট বৃক্ষজাতীয় প্রকৃত ম্যানগ্রোভ উদ্ভিদ। প্রায় ৫-৭ মিটার পর্যন্ত বাড়ে। আমাদের সুন্দরবনে খুলশী সব জায়গায় দেখতে পাওয়া যায় না। সংখ্যাও কমে যেতে পারে। বৈজ্ঞানিক গবেষণা করলে এটির বিস্তার ও প্রাচুর্য নির্ণয় করা সম্ভব। এ ফুলের মধু গুণে ও মানে ভালো। খুলশী ফুলের মধু সংগ্রহ করার জন্য সুন্দরবনে মৌয়ালদের আগ্রহ থাকে বেশি।
খুলশী ফুল ফুটলে সারা দিন মৌমাছি মধু সংগ্রহের জন্য ভিড় করে। বহুদূর থেকে সৌরভ পেয়ে মৌমাছি, প্রজাপতি ছুটে আসে। সুন্দরবনের প্রজাপতিরও পছন্দের ফুল এটি।
বিরল এই উদ্ভিদ সাধারণত সুন্দরবনে বিচ্ছিন্নভাবে জন্মে। সমষ্টিগতভাবে থাকে না। প্রচুর আলো পড়ে এমন পরিবেশে ভালো জন্মে। বনের অন্ধকার এলাকায় জন্মে না। লবণাক্ততার মাত্রা যেখানে বেশি সেখানে এরা ভালো থাকে। খুলশী ভারত, বাংলাদেশ, নিউগিনি, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ চীনসহ নানা দেশে জন্মে।
পাতা গোলাকার বা ডিম্বাকার, ৪-৮ সেন্টিমিটার। পাতার রং হালকা সবুজ। পাতাগুলো একযোগে সাজানো থাকে। পাতায় কখনো মোমের আবরণ দেখা যায়। পত্রকোণ এবং শাখার আগায় ফুলের মঞ্জরিতে ফুল ধরে। সাদা রঙের ফুল ফোটে। ফুল ১-২ সেন্টিমিটার, গুচ্ছবদ্ধ ও ঘন আকারে থাকে। পাপড়ি সাদা বা ফ্যাকাশে গোলাপি। ফুল সুগন্ধি। কীটপতঙ্গ দ্বারা ফুলের পরাগায়ন হয়।
ফল দেখতে কিছুটা মটরশুঁটির মতো। লম্বায় প্রায় ৫-৮ সেন্টিমিটার। প্রতিটি ফলে একটি বীজ থাকে। বীজ থেকে চারা গজায়। খুলশীর পাতা বিভিন্ন প্রজাতির মথ, ক্যাটারপিলারের খাবার। আদিবাসী কোনো কোনো গোত্রের লোকেরা পাতা কাঁচা বা তরকারি হিসেবে খায়। বাকল মাছ ধরতে ব্যবহার করা হয়। বাকল ও বীজ বিষাক্ত। স্যাপনিন নামের টক্সিনজাতীয় পদার্থ থাকে। সিঙ্গাপুরের আদিবাসী মেয়েরা খোঁপায় খুলশী ফুল গোঁজে।