ফাঁকা ঢাকায় রিকশায় ঘুরলাম টানা আড়াই ঘণ্টা। কোরবানি ঈদের পরদিন ২২ জুলাই সকালে বেরিয়ে আমরা দুপুরের আগে পৌঁছলাম বাসাবো-কদমতলা হয়ে রাজারবাগের ‘গঙ্গাসাগর দীঘি’র পাড়ের কালীমন্দির প্রাঙ্গণে। পূর্ব দিকে এগিয়ে যখন ‘দক্ষিণগাঁও’ গ্রামে ঢুকলাম, তখন কানে এল একটি পাখির প্রচণ্ড চেঁচামেচির শব্দ। এক জোড়া পাখি মিলে সমানে চেঁচাচ্ছে কর্কশ গলায়। কাঁঠালগাছটার মাথায় দেখতে পেলাম ওদের বাসা। আরও দেখলাম কাঁঠালতলায় এক জোড়া বেজির ঘোরাঘুরি। আমাকে এগোতে দেখেই বেজায় উত্তেজিত হলো পাখি দুটি।
বাসায় ছানা পাঁচটি। এই পাখিদের বাসা বাঁধার মৌসুম বসন্ত-শরৎকাল। বেশ বড়সড় গোলগাল বাসাটি দেখতে অনেকটা কানাবিহীন ছোট মাটির ঠিলার মতো। দুজনে মিলেই বাসা বানায়। তারপরে স্ত্রী পাখিটি ডিম পাড়ে ৩-৫টি। ডিম ফুটে ছানা হয় ১৪-১৭ দিনে। এদের বাসায়ও চুরি করে ডিম পাড়ে কোকিলরা। ‘কসাই-মাতার কোকিল ছানা’ দেখতে দারুণ!
চেঁচামেচিতে অন্যতম চ্যাম্পিয়ন, দুঃসাহসী, লড়াকু, তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী সুন্দর এই পাখির নামটি যেন কেমন! কসাই! মূলত খোলা মাঠের এই লম্বা লেজওয়ালা পাখিরা তুখোড় শিকারি। কোনো ডালে, বাঁশ-খুঁটির মাথায় বসে এরা চোখ ঘোরায় চারপাশে, শিকার নজরে পড়লে ছন্দময় গতিতে সরলরেখায় উড়ে গিয়ে নামবে মাটিতে (৯০ ভাগ খাবার এরা জোগাড় করে মাটি তথা খেত–খামার ও মাঠ থেকে), শিকার মুখে একই রুট ধরে ফিরবে আবার আগের জায়গায়। মূল খাদ্য টিকটিকি, গিরগিটি, চিলু সাপ ও গেছো সাপের বাচ্চা, কেঁচো, ছোট পাখিদের ছোট ছোট ছানাসহ নানান রকমের ঘাসফড়িং ও গঙ্গাফড়িং। পেট ভরে গেলেও শিকার ধরার প্রবণতা এদের প্রবল।
কসাই বাদেও এরা লেজ কসাই, বাঘা টিকি, অঞ্জনা, চামচ কসাই, লেনজা লাটোরা, চিকচিকে নামেও পরিচিত। ইংরেজি নাম লং–টেইলড শ্রাইক। বৈজ্ঞানিক নাম Lanius schach। দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার। ওজন ৪৫ গ্রাম। লম্বা চাপা লেজটি পাখিটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। কপাল-মাথার তালুসহ চোখের ওপরটা, লম্বা লেজের উপরিভাগটা ও ঘাড় চকচকে কালো। চোখের কালো দেখে মনে হয়Ñকাজল লেপটানো। গলা তুলোট সাদা। পিঠ-বুক ও কালো লম্বা লেজের গোড়া লালচে। পা ও ঠোঁট কালো। পাখিটি দেখা যায় সারা দেশে।