খোয়াই নদ রক্ষায় পাঁচ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে খোয়াই নদের প্রতিরক্ষা বাঁধ। দীর্ঘদিন সংস্কার না করায় এর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গতকাল হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের রামপুর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
হবিগঞ্জে খোয়াই নদের প্রতিরক্ষা বাঁধ। দীর্ঘদিন সংস্কার না করায় এর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গতকাল হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের রামপুর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

হবিগঞ্জের খোয়াই নদ রক্ষার জন্য পাঁচ দফা দাবি জানিয়েছেন হবিগঞ্জবাসী। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখা আয়োজিত এক সভায় এসব দাবি উপস্থাপন করা হয়।

হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে বাপা। এতে অতিথি হিসেবে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, সমাজসেবক শরীফ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাতে বলা হয়, হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদটি বর্তমানে চরম সংকটাপন্ন অবস্থায় পতিত হয়েছে। খোয়াই নদ কী পরিমাণ বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে, তা শহরবাসী গত ১৯ ও ২০ জুন অনুভব করেন। ওই সময় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ সময় শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। ওইদিন পানি বৃদ্ধি পেয়ে শহরের গরুর বাজার, গোবিন্দপুর, ভাদৈ; শায়েস্তাগঞ্জ পৌরসভার গরুর বাজার; চুনারুঘাটের আশ্রাবপুর, গঙ্গানগর, বনগাঁও, বগাডুবিসহ বিস্তীর্ণ এলাকার বিভিন্ন স্থানে বাঁধ উপচে পানি প্রবেশ করতে থাকে। এ ছাড়া কামড়াপুর সেতুর দুই পাশে, মাছবাজার, রামপুর, তেতৈয়া, মাছুলিয়া, কলিমনগর, লস্করপুর ও চুনারুঘাটের বেশ কিছু স্থানে নদের বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা বাঁধের দুর্বল ও নিচু অংশগুলো বালুর বস্তা ফেলে মেরামত করেন।

প্রবন্ধে আরও বলা হয়, খোয়াই নদের নাব্যতার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দীর্ঘদিন ধরে। ২৫ বছর আগে নির্মিত খোয়াই প্রতিরক্ষা বাঁধে নতুন করে কোনো কাজও করা হয়নি।

এ বিষয়ের ওপর বক্তব্য রাখতে গিয়ে নাগরিক সমাজ খোয়াই নদ রক্ষায় পাঁচ দফা দাবি তোলে ধরে। এগুলো হচ্ছে খোয়াই নদ খনন করে শহর থেকে নদের তলদেশের উচ্চতা কমিয়ে আনা, প্রতিরক্ষা বাঁধের উভয় পাড়ে গড়ে ওঠা অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ, বাঁধের দুর্বল ও ক্ষয়ে যাওয়া অংশগুলো মেরামত, নদ থেকে অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত বালু-মাটি উত্তোলন বন্ধ এবং নদের ভেতরে বর্জ্য ফেলা বন্ধ ও তীরের সব বর্জ্য অপসারণ।