খ্যাঁকশিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাঁকশিয়ালের ছবিটি কুষ্টিয়া থেকে তুলেছেন কিরণ খান
খ্যাঁকশিয়ালের ছবিটি কুষ্টিয়া থেকে তুলেছেন কিরণ খান

বুনো বরইগাছের ডালের ওপর বসে ছিল পাঁচটি শিয়াল। অতিবর্ষণে ওদের গর্তে বা বাসায় পানি জমে যাওয়ায় এই দুর্গতি। আমার বাল্য-কৈশোরের অতিচেনা এই প্রাণীরা তখন ছিল বলতে গেলে প্রতিবেশী। আমার গ্রামের মাঠগুলোতে প্রতিবছর সুড়ঙ্গ-বাসা দেখতাম ১০-১২টি করে। প্রতি বাসায় ছানা থাকে ৩-৪টি করে। এরা মাটিতে বা ঢিবির মতো জায়গায় গর্ত খুঁড়ে সুড়ঙ্গ বা বাসা বানায়, সেই দুর্ভেদ্য দুর্গের মুখ থাকে ৬-৭টি করে। সব কটি সুড়ঙ্গ গিয়ে মিলিত হয় মাটির তলার একটি চেম্বারে—ওটিই ওদের আশ্রয়স্থল। যে বরইগাছটিতে ওরা চড়েছিল প্রাণ বাঁচানোর তাগিদে, সেই গাছের গোড়াতেই ছিল ওদের সুড়ঙ্গ। আনুমানিক বয়স চার মাস হতে না-হতেই অসহায় ছানা তিনটিকে নিয়ে বরইগাছে চড়ে বসেছে ওদের বাবা-মা। এদের গর্ভধারণকাল ৫০-৫৩ দিন। বাচ্চা প্রসব করে ২-৪টি। বাচ্চারা দেখতে খুবই সুন্দর। কাচের মার্বেলের মতো চকচকে চোখ, দুষ্টু-মিষ্টি চাহনি, মুখজুড়ে কেমন যেন একটা কৌতুক বা হাসি হাসি দুষ্টু ভাব থাকে। চোখা-লম্বাটে মুখ, ফণীমনসার পাতার মতো চমৎকার লম্বাটে খাড়া কান, কাশফুলের মতো লোমশ লেজ। বড়রা লালচে-ধূসর, তাতে অস্পষ্ট সাদাটে ফুটকি, লেজ ধূসর, লেজের আগা কালো। এরা নিশাচর, তবে গর্তে ছানা থাকলে দিনেও বের হয় ছানাদের জন্য খাবার আনতে। মূল খাদ্য এদের ছোট-মাঝারি পাখি, নির্বিষ সাপ, ঘাসফড়িং, মাছ, ব্যাঙ, কাঁকড়া, মেঠো ইঁদুর। সুযোগ পেলে গেরস্ত বাড়ির হাঁস-মুরগিও শিকার করে। পাক খেজুর-গাব-সফেদা-কলা-কাঁঠাল-জাম ইত্যাদি ফল যদি পাকার পরে মাটিতে পড়ে, খায়।
দুরন্ত লম্ফবিদ-দৌড়বিদ-চতুর-কুশলী-বুদ্ধিমান এই প্রাণীর নাম খ্যাঁকশিয়াল। খোলা মাঠে তাড়িয়ে দেশি বাঘা কুকুর ধরতে পারবে না এদের। এরা আহত, মৃত বা ঘুমিয়ে থাকার অভিনয় করে পাখিদের কাছে এনে শিকার করতে যেমন জানে, তেমনি ধাওয়াকারী কুকুর বা শত্রুকে ঘোল খাইয়ে দেবার চমৎকার কৌশলও জানে। শিকারের কৌশলও অভিনব। এরা মানুষের সঙ্গে কৌতুক করতে ভালোবাসে। শৈশব থেকে যৌবন পর্যন্ত আমি দেখেছি, রাতে কখনো কখনো মাঠ-বাগানে ‘ফেউ ফেউ’ শব্দে ডাকত এরা। সবাই বুঝত, মেছো বাঘ দেখেছে এরা এবং লেগেছে পেছনে। বিপৎসীমা না পেরোনো পর্যন্ত এরা মেছো বাঘের পেছনে লেগে থাকে। এক-দেড় শো বছর আগে যখন আমাদের বৃহত্তর খুলনা অঞ্চলে চিতা বাঘ ছিল, তখনো এরা পেছনে লাগত। একেই বলে ‘পেছনে ফেউ লাগা’।
খ্যাঁকশিয়ালের ইংরেজি নাম Bengal Fox। বৈজ্ঞানিক নাম Vulpes bengalensis। দৈর্ঘ্য ৪৫-৬০ সেন্টিমিটার। লেজ ২৫-৩০ সেন্টিমিটার। উচ্চতা ২৬-২৮ সেন্টিমিটার। ছানাগুলো স্বাবলম্বী হয় ১৫-২০ মাসে। আয়ুষ্কাল ১০ বছর। ওজন ৩-৪ কেজি। ১৯৭০ সাল পর্যন্ত গ্রামবাংলায় যথেষ্টই ছিল এরা। এখন দেখাই যায় না বলতে গেলে।