গবাদিপশু নিয়ে দুর্গতরা রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বানে মুরা অনেক বিপদে রইছি। পানির ঠেলাই ঘরবাড়িতে থাহন যাইছে না। গরু-ছাগল ভাইসে যাবার লইছিল। অনেক কষ্টে হাতড়ে গরু-বাছুর পাড়ে আনছি। ছাগল পাড়ে আনতে পায়নি। ছাগল মাচার ওপর রাইখা আইছি। পাঁচ দিন হইল গরু লইয়া রাস্তায় দাঁড়ায়ে। গরু-বাছুরের খাউন পাওয়া যাইছে না।’ জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের সরদারপাড়া গ্রামে আমেনা বেগম গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন।

আমেনা বেগম দেউলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি রাস্তায় আশ্রয় নিয়েছেন। এখানে তাঁর মতো মেলান্দহ-দেউলাবাড়ী রাস্তায় বন্যাদুর্গত শতাধিক পরিবার গবাদিপশুসহ আশ্রয় নিয়েছে। তাদের সবার অবস্থা করুণ।

এই রাস্তায় আশ্রয় নেওয়া কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁদের বেশির ভাগের ধান-চাল, মাঠের ফসলসহ আসবাব বন্যায় ভেসে গেছে। সম্বল হিসেবে গবাদিপশুগুলো শুধু বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। ওই সড়কের দুই পাশে কমপক্ষে ১ হাজার গবাদিপশু রয়েছে। কিন্তু গবাদিপশুর খাবার পাওয়া যাচ্ছে না। ফলে নিজেদের ও গবাদিপশুর খাবার সংগ্রহ করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে চিড়া ও গুড়ের দাম প্রতি কেজিতে ২০ টাকা করে বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এত কষ্টের মধ্যে থাকলেও তাদের সরকারি বা বেসরকারিভাবে কোনো ত্রাণসহায়তাও দেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকা দিয়ে ঘুরে এ চিত্র দেখা যায়।

সকাল ৯টার দিকে সরেজমিনে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের দেউলাবাড়ী এবং মাহমুদপুর ইউনিয়নের বাগুরপাড়া, হরিপুর, মাহমুদপুর, চালেরদার ও নলছিয়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের সব জায়গায় পানি। লোকজন নৌকায় করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। মেলান্দহ-দেউলাবাড়ী ও মেলান্দহ-মাহমুদপুর রাস্তার ওপর দুই শতাধিক বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে। তারা পলিথিন দিয়ে ছোট ছোট ছাউনি বানিয়ে গবাদিপশু রেখেছে। অনেকেই রাস্তার ওপর রান্নাবান্না করছে।

নাংলা ইউনিয়নের নটারকুড়া গ্রামের কুরবান আলী বলেন, ‘গত রোববার থাইকা এই রাস্তার ওপর আছি। পরিবারসহ গরু-ছাগলও রয়েছে। নিজের খাউন জোগাতেও পারছি না। তিন দিন ধইরে ভাত খাইনি। শুধু চিড়া-মুড়ি খেয়ে কোনোরকমে দিন পার করছি। এখন থেকে চেয়ারম্যানের বাড়ি খুব কাছেই। কিন্তু একদিনও দেখতেও আসেনি। তাহলে আর ত্রাণ কেমনে পাব। এখানে আশ্রয় নেওয়া বেশির ভাগ মানুষ এক বেলা খেয়ে না খেয়ে রয়েছে। কিন্তু সরকারি লোকজন বা চেয়ারম্যান-মেম্বাররা কেউ খোঁজও না, ত্রাণ দিতে আসেননি।’

এ বিষয়ে নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুল হক বলেন, ‘ওই রাস্তায় ৯৬টি পরিবার গবাদিপশুসহ আশ্রয় নিয়েছে। সেখানে আজ (গতকাল) দুপুর ১২টার দিকে আমি গিয়েছিলাম। ওই সব পরিবারের মধ্যে ৬৫টি পরিবারকে চিড়া, মুড়ি ও গুড় হিসেবে ত্রাণ বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে।’

মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জন কেনেডি জাম্বিল বলেন, ‘দুর্গত এলাকায় এ পর্যন্ত ৫০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ওই সব এলাকায় আমি নিজে আজ দুপুরের পর গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। সবার কাছে গিয়ে ত্রাণসামগ্রী দেওয়ার চেষ্টা চলছে।’ তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলার ১ লাখ ২০ হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। এদের মধ্য ৩০ হাজার মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে।

গতকাল থেকে জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। মেলান্দহ, মাদারগঞ্জের সব ইউনিয়ন, ইসলামপুরের ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন, সদরের কিছু অংশ, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জসহ পুরো জেলায় ৬ লাখ ৬০ হাজার ৫০২ জন মানুষ এখন বন্যাকবলিত। এর মধ্যে মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার অবস্থা বেশি খারাপ।