গবাদিপশু নিয়ে বিপদে কৃষক
রাজবাড়ী সদর উপজেলার গোপালদিয়া গ্রামের বাসিন্দা কামাল শেখ বলেন, ‘তিন-চার দিনের মধ্যে বাড়িতে পানি ঢুকে গেল। স্ত্রী-সন্তান নিয়ে মাদ্রাসায় আশ্রয় নিয়েছি। চেয়ারম্যান, মেম্বাররা কেউ খোঁজ নিতে আসে নাই। নদীতে পানি অনেক বেশি থাকায় মাছও ধরা যাচ্ছে না।’
একই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আমরা তো খেয়ে না-খেয়ে দিন কাটিয়ে দিতে পারি। আমাদের সয়ে গেছে। কিন্তু গবাদিপশু নিয়ে খুব বিপদে আছি। নিরীহ প্রাণীগুলোর মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারছি না। মায়াভরা চোখ দিয়ে মুখের দিকে পশুগুলো তাকিয়ে থাকে।’
গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী সদর, কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, শহর রক্ষা বেড়িবাঁধের বাইরের গ্রামগুলো (বাঁধের উত্তর দিকের) সম্পূর্ণ প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। বাঁধের ভেতরের বাড়িগুলো চার-পাঁচ ফুট পর্যন্ত তলিয়ে গেছে। অনেকেই বাড়ির পাশে রাস্তায় আশ্রয় নিয়েছে। বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে ফেলার জন্য বালুভর্তি জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। বেশ কয়েকটি স্থানে নদীর পাড় ভেঙে বেড়িবাঁধের কাছে চলে এসেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, ‘আমরা গত সপ্তাহ থেকে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছি। আমরা বাঁধ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে। আমরা সরেজমিনে কাজের তদারক করছি। আশা করছি এখন পর্যন্ত শহর রক্ষা বেড়িবাঁধ বড় ধরনের ঝুঁকির মধ্যে নেই।’
পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, পাংশা উপজেলার সেনগ্রাম ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর পানি প্রবাহের পরিমাণ পরিমাপ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে সেনগ্রাম পয়েন্টে পদ্মা নদীতে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং দৌলতদিয়ায় ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সেনগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ও দৌলতদিয়ায় ছিল ৫২ সেন্টিমিটার। বুধবারে ছিল সেনগ্রামে ৩০ সেন্টিমিটার ও দৌলতদিয়ায় ৫২ সেন্টিমিটার ওপরে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো সদর উপজেলার কাঁচরন্দ, কাশিমনগর, গোপালবাড়ি, উড়াকান্দা, পূর্ব উড়াকান্দা, নয়নসুখ, পশ্চিম ভবদিয়া, সোনাকান্দর, রামচন্দ্রপুর, মহাদেবপুর, চর জৌকুরা, রামকৃষ্ণপুর, বেনিনগর, সিলিমপুর, চরধুঞ্চি, গাচিয়াদহ, চরনারায়ণপুর, বিল নুরুলদ্দিনপুর, হাটবাড়িয়া, কান্তনগর, কালুখালী উপজেলার হড়িবাড়িয়া, লস্করদিয়া, নারায়ণপুর, আলোকদিয়া, চররাজাপুর, কৃষ্ণনগর, ভাগলপুর, চরমহেন্দপুর, বল্লভপুর, কামিয়া, হরিণাডাঙ্গা, রায়নগর, গতমপুর, লাউটা, পাড়া বেলগাছি, উত্তর কালুখালী, মাঠ কালুখালী, নারায়ণদিয়া, ঠাকুরপাড়া এবং পাংশা উপজেলার হাবাসপুর, শাহমিরপুর, চররামদিয়া, চরআফড়া, পূর্ব চরআফড়া, সেনগ্রাম, গোপীনগর, তারাপুর, জয়কৃষ্ণপুর প্রভৃতি গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া বালিয়াকান্দি নারুয়া ও গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের বাসিন্দা রমজান শেখ বলেন, গত বছর নয়নসুখ গ্রামে তাঁর বাড়ি নদীতে ভেঙে যায়। এ বছর নতুন বাড়ি করেছেন। কিন্তু তিন দিন আগে পদ্মার পানি বেড়ে যাওয়ায় বাড়িতে এখন কোমরপানি। প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত কোনো সাহায্য-সহযোগিতা পাননি।
কালুখালী উপজেলার পাড়া বেলগাছি গ্রামের বাসিন্দা সুনীল বিশ্বাস বলেন, এই অঞ্চলে অনেক সবজি উৎপন্ন করা হয়। কিন্তু বন্যায় সব ফসলের সব খেত তলিয়ে গেছে। এতে করে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। নদীশাসনের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বন্যা ও ভারী বর্ষণে জেলার পাঁচটি উপজেলায় মোট ২৯ হাজার ৮২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারগুলোর মধ্যে ২৮৩ দশমিক ৭৪ মেট্রিক টন চাল ও ৪ লাখ ৯৩ হাজার টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ৫৯ দশমিক ৪৪ মেট্রিক টন, কালুখালীতে ৬৯ মেট্রিক টন, পাংশায় ১২ মেট্রিক টন, বালিয়াকান্দিতে ৮ দশমিক ৪০ মেট্রিক টন এবং গোয়ালন্দ উপজেলায় ১৩৪ দশমিক ৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলায় ২ লাখ ৯৫ হাজার টাকা, গোয়ালন্দ উপজেলায় ১ লাখ এবং বালিয়াকান্দি উপজেলায় ৯৮ হাজার টাকা বিতরণ করা হচ্ছে।
কালুখালী উপজেলার রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, ইউনিয়নের ১৮টি গ্রাম বন্যায় তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৮০০ পরিবার। প্রশাসন থেকে ১ হাজার ৪৫৭টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তবে এই সাহায্য খুব অপ্রতুল। আরও বেশি সাহায্য প্রয়োজন।
মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ‘আমি ১৫ টন মাল পেয়েছি। তবে এখনো তুলতে পারি নাই। আগামী শনিবার মাল তুলে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।’
হাবাসপুর ইউপি চেয়ারম্যান আবদুল আলিম মণ্ডল বলেন, ‘ইউনিয়নের পাঁচটি গ্রামের পুরো অংশ প্লাবিত হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ‘আমরা ভারী বর্ষণের পর থেকেই ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছি। বৃহস্পতিবার বিকেলে বরাট ইউনিয়নের উড়াকান্দায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়।’
জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, বন্যা প্রাকৃতিক দুর্যোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে প্রশাসনের উদ্যোগে সহায়তা দেওয়া হচ্ছে।