গভীর খনন বন্ধ পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারোয়ারি বর্জ্যের দূষণে বুড়িগঙ্গা নদী। কালো পানি। চারদিকের বাতাসে দুর্গন্ধ। অবাধে ধোঁয়া ছড়াচ্ছে সারি সারি ইটভাটা। মুক্তারপুরের বাংলাদেশ-চীন মৈত্রী-৬ সেতুর ওপর থেকে ছবিটি সম্প্রতি তোলা l আশরাফুল আলম
বারোয়ারি বর্জ্যের দূষণে বুড়িগঙ্গা নদী। কালো পানি। চারদিকের বাতাসে দুর্গন্ধ। অবাধে ধোঁয়া ছড়াচ্ছে সারি সারি ইটভাটা। মুক্তারপুরের বাংলাদেশ-চীন মৈত্রী-৬ সেতুর ওপর থেকে ছবিটি সম্প্রতি তোলা l আশরাফুল আলম

বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের চার নদ-নদীর পলি ও তলদেশের খনন পাঁচ বছর ধরে বন্ধ আছে। এই সময়ে নদ-নদীতে ড্রেজার যন্ত্র নামেনি। নদ-নদী রক্ষায় বর্জ্য পরিষ্কারও হয়নি। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
তবে ড্রেজার যন্ত্রের পরিবর্তে এক্সকাভেটর দিয়ে নদীপাড়ের শুকনা বালু বা মাটির খননকাজ চলছে তুরাগ ও শীতলক্ষ্যায়।
আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। বাঁধ অপসারণ ও নদী রক্ষার আহ্বান জানিয়ে সারা বিশ্বে পালন করা হয় দিবসটি।
গতকাল রোববার বুড়িগঙ্গার বাদামতলী এলাকায় গিয়ে দেখা যায়, ফলের বর্জ্য স্তূপ হয়ে আছে নদীর তীরে। নদীর মধ্যে ভাসছেও। পানির রং আলকাতরার মতো। চারদিক দুর্গন্ধে ভরা। পাশেই বৃত্তাকার নৌপথে চলাচলের জন্য দাঁড়িয়ে আছে ওয়াটার বাস। আমীর আলী নামের একজন বয়োজ্যেষ্ঠ মাঝি বললেন, কয়েক বছর আগে এখানে আবর্জনা পরিষ্কারের সময় তিনি ছিলেন। এখন অবস্থা আগের তুলনায় অনেক খারাপ।
এমনিতেই হাজারীবাগ ট্যানারির বর্জ্য, ঢাকা ও চারপাশের গৃহস্থালি ও পয়োবর্জ্য, শিল্পকারখানার বর্জ্যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদ-নদী মারাত্মক দূষণাবস্থায় রয়েছে। তার ওপর তলদেশে খননকাজ বন্ধ থাকায় দূষণের মাত্রা আরও বেড়ে যাচ্ছে।
ঢাকা ও চারপাশের নদ-নদীর ১১০ কিলোমিটার অংশ থেকে বর্জ্য অপসারণে ২২২ কোটি টাকার মহাপ্রকল্প নেওয়া হলেও তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যায়নি।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ থেকে জানা যায়, ২০১০ সালের পর ঢাকা ও চারপাশের নদ-নদীগুলোয় কোনো প্রকল্পের অধীনে ড্রেজার যন্ত্র দিয়ে নদীর তলদেশ খননের কাজ হয়নি। তবে মাঝেমধ্যে এক্সকাভেটর দিয়ে খননকাজ হয়েছে, যা দিয়ে শুধু নদীপাড়ের কঠিন বর্জ্য তোলা সম্ভব।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঢাকা ও চারপাশের নদ-নদীগুলোর খননকাজ হয়নি এটা ঠিক নয়। এই মুহূর্তেও শিন্নিরটেকে তুরাগ নদে চারটি এবং শীতলক্ষ্যায় দুটি এক্সকাভেটর দিয়ে খননকাজ চলছে।
এক্সকাভেটর দিয়ে নদীর পলি বা তলদেশের বর্জ্য তোলা সম্ভব কি না—এ প্রশ্নে চেয়ারম্যান বলেন, কারিগরি কারণে ড্রেজার দিয়ে ঢাকা ও চারপাশের নদ-নদীগুলো খনন সম্ভব নয়। তাই এক্সকাভেটর দিয়ে মাটি তুলে নৌকায় করে ইটভাটায় নিয়ে যাওয়া হয়। তবে শীতলক্ষ্যায় খননের জন্য এ মাসেই ড্রেজার যন্ত্র আনা হচ্ছে।
এ বিষয়ে নদীরক্ষাবিষয়ক টাস্কফোর্সের সদস্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা ও চারপাশের নদীগুলোতে গত কয়েক বছরে খনন হতে দেখিনি। মাঝে মাঝে বিআইডব্লিউটিএ তাদের নৌ চালনা ঠিক রাখতে এক্সকাভেটর ব্যবহার করে। কিন্তু নদী রক্ষার খননকাজ করে না।’
আবদুল মতিন বলেন, বিআইডব্লিউটিএ বর্জ্য অপসারণও করেনি, করলে টাস্কফোর্সের সভায় আলোচনা হতো।
২২ কোটি টাকা পানিতে: নদী দূষণমুক্ত করতে ২০১০ সালের ৬ জানুয়ারি বিআইডব্লিউটিএ বর্জ্যবিরোধী অভিযানে নামে। ওই সময় বুড়িগঙ্গায় সবচেয়ে বেশি দূষিত বাদামতলী এলাকার তলদেশ এবং ওপরের অংশ থেকে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। বর্জ্যগুলোর কিছু নদীতীরে, কিছু বসিলা ও সাভারে মানুষের জমিতে রাখা হয়। নদীপাড়ে অপরিকল্পিতভাবে রাখায় বর্জ্যগুলো নদীতেই চলে যায়।
পাইলট প্রকল্পের অধীনে প্রথমে ৫ কোটি ৩০ লাখ টাকা খরচ করে বুড়িগঙ্গায় বর্জ্য তোলা হয়। পরে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল’ থেকে প্রায় ১৭ কোটি টাকায় বর্জ্য অপসারণের কাজ এগিয়ে নেওয়া হয়। ওই সময়ে বুড়িগঙ্গার বাদামতলী এলাকায় ওপরে ও নিচে ৫০০ মিটার জায়গাজুড়ে বর্জ্য তোলা হয়। প্রায় এক বছরে বাদামতলী থেকে কামরাঙ্গীরচর মসজিদ পর্যন্ত তিন কিলোমিটার এবং টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের প্রায় দেড় কিলোমিটার এলাকায় বর্জবিরোধী অভিযান চলে। পরে আর কাজ হয়নি।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, এ ধরনের বড় কাজে আসলে কারোরই অভিজ্ঞতা ছিল না।
আরও পড়ুন:
রূপ হারিয়েছে গোমতী
আবর্জনা, কচুরিপানায় ভরা ময়ূর
নদের ১০ স্থানে বালু ও মাটির অবৈধ ব্যবসা
৩০৬ দখলদার চিহ্নিত
চার কিলোমিটারে অবৈধ স্থাপনা
দূষণে মাছশূন্য হয়ে পড়ছে কর্ণফুলী
আবর্জনায় সুরমার রং কালো