পৌরসভার বাসিন্দা হয়েও যশোরের কেশবপুরের হাবাসপোল ও মধ্যকুলের একাংশের প্রায় দুই হাজার লোক পুকুরের পানি পান করছেন। মাত্রাতিরিক্ত আর্সেনিক থাকায় এসব এলাকার লোকজন অগভীর নলকূপের পানি ব্যবহার করতে পারছেন না।
কেশবপুরর জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী খালিদ আহম্মদ ওসমানী বলেন, হাবাসপোল এলাকায় অগভীর নলকূপে ১০০ পিপিএম (পার্টস পার মিলিয়ন) আর্সেনিক রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অবশ্য এখানে অগভীর নলকূপ বসানো সম্ভব। তবে ১১০০-১২০০ ফুট মাটির নিচে যেতে হবে। পুকুরের পানি থেকে পানিবাহিত রোগ হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
কেশবপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের নভেম্বর মাসে পৌরসভার কার্যক্রম শুরু হয়। কেশবপুর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরের এলাকা যশোর-সাতক্ষীরা সড়কের পশ্চিমে মধ্যকুল ও হাবাসপোল এলাকা। দুটি এলাকাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এসব এলাকার বেশির ভাগ লোকই দরিদ্র এবং উন্নয়ন থেকে বঞ্চিত।
এলাকাবাসী জানান, আর্সেনিকমুক্ত পানি পান করতে হলে তাঁদের এক থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে গভীর নলকূপের পানি আনতে হয়। তাই তাঁরা বাধ্য হয়েই রান্নাবান্না ও খাওয়ার জন্য পুকুরের পানি ব্যবহার করছেন।
হাবাসপোল সেতু এলাকার গৃহবধূ শিল্পী বেগম বলেন, ‘মসজিদের পেছনে শামছুর খান নামের একজন একটি পুকুর কেটে মাছ চাষ করছেন। সেখান থেকে পানি নিয়ে আমরা রান্নাবান্না ও পান করি। আবার বৃষ্টির সময় পানি ধরে রেখে পান করি। সেই পানিতে অনেক সময় পোকা হয়ে যায়। তার পরও ব্যবহার করতে হয়।’ কেশবপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জাকির হোসেন বলে, ‘আমরা সচেতন হলেও উপায় নেই। নিরুপায় হয়ে পুকুরের নোংরা পানিই পান করতে হয়।’ মুক্তিযোদ্ধা আমির আলী বলেন, ‘একটি গভীর নলকূপের জন্য আমি অনেক বার পৌরসভায় গিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। তাই মানুষ পুকুরের পানি ব্যবহার করে। আমি প্রতিদিন শহর থেকে পানি নিয়ে আসছি।’
গত মঙ্গলবার হাবাসপোল এলাকায় গিয়ে দেখা যায়, বেশির ভাগ বাড়ির নারীরা কলস নিয়ে পুকুরে পানি আনতে যাচ্ছেন। তাঁদেরই একজন জ্যোৎস্না বেগম বলেন, ‘দূর থেকে পানি আনতে হয় বলে পুকুর থেকে পানি নিয়ে ব্যবহার করি।’ ফাতেমা বেগম নামের আরেকজন বলেন, ‘পুকুরের পচা পানি খায়ে মরতিছি। আবার আমরা নাকি পৌরসভার বাসিন্দা।’ এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, এলাকার কেউ কেউ নিরুপায় হয়ে অগভীর নলকূপের আর্সেনিকযুক্ত পানিও খাচ্ছেন।
কেশবপুর পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, হাবাসপোল এলাকায় গভীর নলকূপ বসানো যাচ্ছে না। কারণ সেখানে পানির স্তর পাওয়া সম্ভব নয়। তবে এখনো স্তর পরীক্ষা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে সেখানে গভীর নলকূপ বসানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমরা নতুন করে ১৫ কিলোমিটার পানির সরবরাহ লাইন বসানোর অনুমোদন পেয়েছি। সেখান থেকে ব্যবস্থা নেব।’