গরমে কাবু শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। ছবিটি গতকাল খুলনা শিশু হাসপাতাল থেকে তোলা l ফোকাস বাংলা
গরমে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। ছবিটি গতকাল খুলনা শিশু হাসপাতাল থেকে তোলা l ফোকাস বাংলা

সারা দেশের মতো বরিশালেও তাপমাত্রা বেড়ে চলেছে। প্রচণ্ড গরমে শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালগুলোতে ভিড় লেগে গেছে তাদের।
গতকাল বেলা আড়াইটা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ২১৭ জন শিশুর চিকিৎসা হয়। তাদের বেশির ভাগই জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় ভুগছে। কারও কারও ডায়রিয়াও হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত গরমের কারণেই শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে। বহির্বিভাগের চিকিৎসক সালেহ আল-দ্বীন-বিন রাসেল বলেন, অতিরিক্ত গরমে ঘাম থেকে ঠান্ডা লেগে শিশুদের জ্বর ও কাশি হচ্ছে। ধীরে ধীরে তা নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এখনকার জ্বর সহজে নামে না। শিশুদের গরম থেকে রক্ষা করতে সচেতন হতে হবে।
পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বরিশাল ডিডব্লিউএফ মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজের শিক্ষক সুদীপ কুমার নাথ। তিনি বলেন, শিশুদের পানিশূন্যতা দূর করতে প্রচুর পানি খাওয়াতে হবে। সেই সঙ্গে বাইরের খাবার পরিহার করতে হবে। গতকাল সরেজমিনে দেখা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রচণ্ড ভিড়। এক শয্যায় দুই শিশুও রাখা হয়েছে। শিশুদের বেশির ভাগই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে। কিছুসংখ্যক শিশু ডায়রিয়ায়ও আক্রান্ত।