অবশেষে স্বস্তির বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ ও দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ শনিবার সকালে স্বস্তির বৃষ্টি নেমেছে। রাতেই আকাশে মেঘ জমেছিল। সকাল পৌনে আটটার দিকে ঝিরি ঝিরি বৃষ্টি নামে। এতে পথচারীরা দুর্ভোগে পড়লেও প্রশান্তির আমেজ এসেছে নগর জীবনে।

রাস্তায় পথচারীদের অনেককেই ভিজতে ভিজতে গন্তব্যে যেতে দেখা গেছে। আজ সরকারি ছুটির দিন হওয়ায় অনেকে ঘরে বসেই বৃষ্টি উপভোগ করেছেন।

আবহাওয়াবিদ বজলুর রশিদের ভাষ্য, ঢাকায় আজ দুপুর ১২টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে।

সেখানে বৃষ্টির পরিমাণ ৪৪ মিলিমিটার। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হতে পারে। তাতে গরম কিছুটা কমবে।

