গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে ঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে গতকাল শনিবার রাতে সদর ও সুন্দরগঞ্জ উপজেলার তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কোথাও কোথাও গাছ ভেঙে পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। এদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ও বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে।

বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নে। ঝড়ের সময় গাছ চাপা পড়ে বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের বাদশা মিয়া (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঝড় শুরু হয়। এতে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, কাপাসিয়া, হরিপুর এবং গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর, কুপতলা ও কামারজানি ইউনিয়নের তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরগঞ্জ উপজেলা শহরের থানা সড়কের ওপর গাছ উপড়ে পড়ে ওই সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ছাড়া ঝড়ে ধানখেত, শাকসবজির খেত ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া বলেন, ‘ঝড় থেমে যাওয়ার পর কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেছি। সব ইউপি চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির তালিকা করতে বলা হয়েছে।’

ঠাকুরগাঁওয়ে গতকাল দুপুরে হঠাৎ করে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ভারী বৃষ্টি হয়। এতে সদর, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকার ভুট্টা, কচুখেতে পানি জমে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও। বেলা আড়াইটার দিকে শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসে বালিয়াডাঙ্গী উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ও বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে।

উপজেলার ভানোর গ্রামের জয়নাল আলী বলেন, ‘ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে আমার দেড় একর জমির ভুট্টাগাছ ভেঙে নুয়ে পড়েছে।’

ইউএনও আবদুল মান্নান বলেন, শিলাবৃষ্টির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভুট্টাচাষিদের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ নির্ণয়ে কৃষি বিভাগের মাঠকর্মীরা কাজ শুরু করেছেন। দু-এক দিনের মধ্যে সম্পূর্ণ প্রতিবেদন পাওয়া যাবে।