গাইবান্ধায় নদীভাঙন, কুড়িগ্রামে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গাইবান্ধায় শুরু হয়েছে ভয়াবহ নদীভাঙন। আর গাইবান্ধায় চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী মানুষ। তবে নীলফামারীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুলছড়ি উপজেলার ১০টি পয়েন্টে ব্রহ্মপুত্রের ভাঙন শুরু হয়েছে। গত চার দিনে এসব গ্রামের দুই শতাধিক বাড়িঘর ও অসংখ্য গাছপালা বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে রেলওয়ে পন্টুন সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া ভাঙনকবলিত এলাকায় বালুর বস্তা ফেলে প্রতিরক্ষামূলক কাজ চলছে।
পাউবো সূত্রে জানা যায়, গতকাল সোমবার ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া গতকাল ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীর পানি বাড়েনি। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আ ক ম রুহুল আমিন বলেন, জেলার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২২৫ হেক্টর জমির আউশ ধান, পাট, আমন বীজতলা ও শাকসবজি চার দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে। বন্যা বেশি দিন স্থায়ী হলে এসব ফসলের ব্যাপক ক্ষতি হবে।
কুড়িগ্রাম: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় তিস্তায় ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে দুধকুমারে ১৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ১৩ সেন্টিমিটার ও ধরলায় ১৪ সেন্টিমিটার পানি কেমছে।
এদিকে, টানা ছয় দিন ধরে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। জ্বালানি ও খাদ্যের পাশাপাশি গো-খাদ্যেরও সংকট দেখা দিয়েছে। বন্যার ফলে প্লাবিত হয়েছে ভূরুঙ্গামারী উপজেলার কাইজারচর, উত্তর ঢলডাঙ্গা, ইসলামপুর, বয়তুল্লারচর, পাইকডাঙ্গা, উত্তর তিলাই ও দক্ষিণ ছাট গোপালপুর। এ ছাড়া নাগেশ্বরীর ফান্দেরচর, মেছেরেরচরসহ ১২টি গ্রাম এবং কুড়িগ্রাম সদরের চর হলোখানা, চর বড়াইবাড়ী, চর ভেলাকোপাসহ ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে।
সেই সঙ্গে উলিপুরের রলাকাটা, জলন্ধরকুটিসহ ২৯টি গ্রাম ও চিলমারীর নটারকান্দি, উত্তর খেদাইমারী, দক্ষিণ খেদাইমারী, খেরুয়ার চরসহ আরও অর্ধশতাধিক চর প্লাবিত হয়েছে।
এদিকে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, জেলার নয়টি উপজেলার মধ্যে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ২৫২ হেক্টর ফসলি জমি। এর মধ্যে ৪১ হাজার ৪২৫ জন কৃষকের আমন বীজতলা, সবজিখেত, পাটসহ বিভিন্ন ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে।
নীলফামারী: উজানের ঢল ও বৃষ্টিপাত কমে আসায় সোমবার বিকেলে তিস্তা নদীর পানি লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
পাউবো ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র থেকে জানা গেছে, গত রোববার এই পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার সকাল থেকে কমতে কমতে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে নামে। এদিকে তিস্তা নদীর বন্যা পরিস্থিতি উন্নতি হলেও ডিমলা উপজেলার ছোটখাতা, পূর্ব খড়িবাড়ি, দক্ষিণ খড়িবাড়িসহ তিস্তাবেষ্টিত কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।