গাছ চিনতে বৃক্ষপ্রেমীরা ক্যাম্পাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন দেখতে আজ ক্যাম্পাসে আসেন বৃক্ষপ্রেমীদের সংগঠন তরুপল্লবের সদস্যরা। ‘গাছ দেখা, গাছ চেনা’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন তাঁরা। ছবি: শাহীদুজ্জামান সাগর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন দেখতে আজ ক্যাম্পাসে আসেন বৃক্ষপ্রেমীদের সংগঠন তরুপল্লবের সদস্যরা। ‘গাছ দেখা, গাছ চেনা’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন তাঁরা। ছবি: শাহীদুজ্জামান সাগর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন দেখতে আজ শুক্রবার ক্যাম্পাসে আসেন বৃক্ষপ্রেমীদের সংগঠন তরুপল্লবের সদস্যরা। ‘গাছ দেখা, গাছ চেনা’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন তাঁরা।

বেলা ১১টার দিকে ঢাকা থেকে বাসে করে ১০০ জনের বেশি বৃক্ষপ্রেমী ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনে আসেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান তাঁদের স্বাগত জানান। অধ্যাপক মোস্তাফিজুর বিগত ২০ বছর ধরে গাছ নিয়ে কাজ করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন গাছের দেশীয় নাম, বৈজ্ঞানিক নাম, অন্তর্ভুক্ত পরিবার, বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে পরিচয় করিয়ে দেন। মোস্তাফিজুর রহমান বলেন, এই উদ্যানে বিলুপ্তপ্রায় এবং ঝুঁকিপূর্ণ অনেক প্রজাতির গাছ রয়েছে। মূলত গাছের পরিচিতি, সংরক্ষণ ও শিক্ষাদানের জন্যই ক্যাম্পাসে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে গাছপালার প্রজাতি সংরক্ষণেই বেশি কাজ হচ্ছে এ গার্ডেনে। তিনি তরুপল্লবের সদস্যদের পরিচিত গাছসহ ঔষধি, চা, পাম, ম্যানগ্রোভ ও পাহাড়ি গাছের প্রজাতিগুলো ঘুরে ঘুরে দেখান।

তরুপল্লবের পথচলা ‘সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে। গাছ দেখা, গাছ চেনা কর্মসূচি অংশ হিসেবে এবারে তাদের নির্ধারণ ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে ২৬তম এই কর্মসূচি সংগঠনের সদস্যরা সদ্যপ্রয়াত প্রকৃতিপ্রেমী অধ্যাপক দ্বিজেন শর্মাকে উৎসর্গ করলেন। এ সময় তরুপল্লবের সহসভাপতি শাহজাহান মৃধা এবং সাধারণ সম্পাদক মোকারম হোসেন উপস্থিত ছিলেন। পরে ক্যাম্পাসে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফলের জার্মপ্লাজম সেন্টারও ঘুরে দেখেন তাঁরা।

মোকারম হোসেন বললেন, ‘নতুন প্রজন্মকে নিবিড়ভাবে প্রকৃতির সান্নিধ্যে পৌঁছে দিতে কাজ করছে এই সংগঠন। যাতে প্রকৃতির প্রতি তরুণদের আসক্তি বাড়ে। আমাদের এ কর্মসূচি সব মানুষকে প্রকৃতি ভালোবাসতে উদ্বুদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা।’