
ঘন বুনটের সুপারির বিশাল বাগান। ভরা মৌসুমে রাতভর পাহারা দিতে হয় বাগান। চারটি সুপারিগাছকে খুঁটি হিসেবে ব্যবহার করে প্রায় ১০ ফুট উচ্চতায় স্থায়ী পাহারাঘর বা টংঘর বাঁধা আছে।
রাতভর বৃষ্টি তো হয়েছেই, চলছে ভোরবেলায়ও। বাগানকর্মী কিশোর হাকিম শুড়িপথটা ধরে ঢুকে পড়ল সুপারিবাগানটার ভেতরে। হাকিম যখন টংঘরটার তলায় পৌঁছাল, তখন তার নাকে এল পচা আতপ চালের গন্ধ। বিষয়টি বুঝতে তার দেরি হলো না। টংঘরে চড়ার মইটা বেয়ে যেই না উঠতে শুরু করল, অমনি ঘর থেকে ঝপঝপ শব্দে পানিতে লাফিয়ে পড়ল পাঁচটি প্রাণী—মা আর তার চারটি ছানা। ওরা প্রায় সাঁতরে ও লাফিয়ে পালাতে লাগল উত্তর দিকে। হাকিমও লাফিয়ে নামল পানিতে, করল ধাওয়া। প্রাণী পাঁচটি পালাচ্ছে রেসের ঘোড়ার মতো। পেছনের ছানাটির লেজ ধরে শূন্যে তুলে ফেলল হাকিম, অমনি ওদের মা ঘুরে দাঁড়িয়েই অনেকটা বনবিড়ালের মতো ডেকে উঠে তেড়ে এল, ভয়ে হাতের ছানাটিকে ফেলেই হাকিম দিল দৌড়। কিছুদূর গিয়ে পেছন ফিরে দেখে, পাঁচটি প্রাণীই উপরে উঠে যাচ্ছে একটা বকুলগাছ বেয়ে।
ঘটনাটি খুলনার রূপসা উপজেলার একটি গ্রামের। ১ সেপ্টেম্বরের। এই প্রাণীগুলোর নাম গাছখাটাশ, তালখাটাশ, ভন্দার, তালটলা, ডাম, লেনজা, হুইলকোট, তাড়িবিড়াল। তবে, বৃহত্তর খুলনা জেলাজুড়ে এরা ‘সারেল’ নামে পরিচিত। বিশেষ করে খুলনার রূপসা থেকে বাগেরহাটের ষাটগম্বুজ এলাকা পর্যন্ত ৩২ কিলোমিটার এলাকা জোড়া গ্রামীণ বনগুলোতে আজও এদের সংখ্যা ও জন্মহার ভালোই আছে। আমার নিজের গ্রামে (বাগেরহাট) ২০১৫ সালের জরিপে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের সদস্যরা দেখতে পায় ১২ জোড়া বয়স্ক প্রাণী ও ৭টি বাচ্চা। সারেলের ইংরেজি নাম Toddy Ct/Palm Civet. বৈজ্ঞানিক নাম paradoxurus hermaphroditus. শরীরের মাপ: এরা লম্বায় ৯০ থেকে ১৩০ সেন্টিমিটার। লেজটিও শরীরের সমান। চমৎকার মোটা লোমওয়ালা লেজ এদের। ওজন আড়াই থেকে পাঁচ কেজি।
নিশাচর বৃক্ষচারী প্রাণী এরা। একনজরে রং এদের ছাই, কালো ও বাদামির অস্পষ্ট আভার মতো। এদের বাচ্চারা দেখতে হয় খুব সুন্দর। ঘাড়-পিঠ হয়ে প্রায় লেজের গোড়া পর্যন্ত লম্বালম্বিভাবে ৪টি চওড়া কালচে টান থাকে, থাকে ছোট ছোট ডোরা ও বুটি। বয়স বাড়লে এগুলো মিলিয়ে যায়।
গাছই এদের মূল ঠিকানা, গাছের খোঁড়লে-কোটরে বাচ্চা দেয়। প্রতি প্রসবে ২-৪টি বাচ্চা হয়, বছরে দুবার বাচ্চা তোলে। ২০-৩০ ফুট উঁচু গাছ থেকে লাফিয়ে পড়ে এরা। এক গাছ থেকে অন্য গাছে লাফ দিতেও পারে এরা অনায়াসে। মাটির ওপর দিয়েও ভালো দৌড়াতে পারে।
এদের খাদ্যতালিকা বিশাল। পোকা-পতঙ্গ-ফলমূল-পাখির ডিম-ছানাসহ ইঁদুর পর্যন্ত আছে এদের খাদ্যতালিকায়। কলা, কাঁঠাল আর পাকা সফেদা এদের কাছে অতি প্রিয়। তাল-খেঁজুরের রস পান করে সুযোগ পেলেই। হয়তো গাছের কোটরে রয়েছে তিন-চারটি পাঁচ-ছয় দিনের বাচ্চা, গাছটি বিক্রি হলো, কাটাও হলো। ব্যস, মারা গেল ছানাগুলো। এমন মৃত্যুদৃশ্য আমি দেখেছি। তালের রস এদের অতি প্রিয় পানীয়। তালের পচা রস পান করে এরা কখনো কখনো বদ্ধ মাতাল হয়।
শৈশব-কৈশোরে এরা ছিল আমাদের নিত্য নিশিকুটুম্ব, আজও তা আছে। গ্রামের বাড়িতে গেলে রাতে উঠোনে বসে আমাদের পাঁচটি সফেদাগাছসহ পেয়ারা-বরইগাছে ওদের চলাফেরা করতে দেখি। নাকে আসে গন্ধ। টর্চ মারলে ওদের চোখগুলো যেন হীরকখণ্ডের মতো জ্বলে।