গাছটি দুই মাসেও সরল না

খুলনা ক্লাবের পাশে উপড়ে পড়া শিরীষগাছটি দুই মাসেও না সরানোয় মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ৫ এপ্রিলের ঝড়ে গাছটি উপড়ে ফুটপাতজুড়ে সড়কের ওপর পড়ে।
গাছটি না সরানোয় পথচারীরা এখন ঝুঁকি নিয়ে ফুটপাত দিয়ে চলাচল করছেন। গাছের একটা অংশ সড়কের মধ্যে চলে যাওয়ায় রিকশাও চলছে ঝুঁকি নিয়ে।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, শহরের লোয়ার যশোর সড়কে খুলনা ক্লাবের ১৫ গজ পূর্বদিকে ডালপালা ছাঁটা অবস্থায় শিরীষগাছটি পড়ে আছে। সড়কের ভেতরে চলে গেছে এর অনেকখানি অংশ। তার নিচ দিয়েই চলছে মানুষ ও যানবাহন।
স্থানীয় চায়ের দোকানদার ফজলুল হক বলেন, প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটছে। প্রায়ই রাতে গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের কাচ ভাঙে। ধাক্কা লেগে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ প্রচার মাইকও একবার দুমড়ে-মুচড়ে গেছে।
মনির হোসেন নামে এক পথচারী বলেন, খুলনা জিলা স্কুলের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাচল করে। গাছটির কারণে ফুটপাত আটকে আছে। এটি না সরালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। খুলনা সিটি করপোরেশনের সম্পত্তি-বিষয়ক কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, এটি জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসভবনের ভেতরের গাছ। তাই গাছটি অপসারণের দায়িত্বও জেলা প্রশাসনের। যোগাযোগ করলে খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘শিগগির ব্যবস্থা নিচ্ছি।’