গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড নয়

গাছেরও প্রাণ আছে। একেকটা গাছ একেকটা অক্সিজেনের কারখানা। এসব গাছে পেরেক দিয়ে পোস্টার, সাইনবোর্ড, ফেস্টুন বা ব্যানার লাগানো কতটা অমানবিক। এ ভাবনা থেকেই গাছ থেকে পেরেক, তারকাঁটা দিয়ে লাগানো পোস্টার, ব্যানার খুলে ফেলার কাজ শুরু করেছেন প্রথম আলোর পঞ্চগড় বন্ধুসভার সদস্যরা।
আজ শুক্রবার সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বন্ধুসভার এ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সভাপতি তোহিদুল বারী। পঞ্চগড় পৌর এলাকার ২০টি গাছ থেকে শতাধিক পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। বিভিন্ন চিকিৎসক, কোচিং সেন্টার, ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারপত্র এসব গাছে পেরেক ঠুকে লাগানো ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে তোহিদুল ইসলাম বলেন, ‘গাছের প্রতি এমন নির্মমতা কষ্টদায়ক। গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড লাগানো খুবই খারাপ কাজ। এতে স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। তা ছাড়া মানুষের গায়ে পেরেক ঠুকলে যেমন লাগে, গাছেরও তেমন লাগে। তাই গাছ থেকে সাইনবোর্ড অপসারণ করার বন্ধুসভার উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামছুল আলম বলেন, গাছে পেরেক ঠুকে কোনো প্ল্যাকার্ড, প্রচারপত্র লাগানো যাবে না। সরকারিভাবে এ-সংক্রান্ত একটি প্রচারপত্র জারি করা আছে। গাছে পেরেক লাগালে জীবনীশক্তি নষ্ট হয়ে যায়। মাটি থেকে গাছ পানি গ্রহণ করে। তা ছাড়া ছাল দিয়ে পানি বিভিন্ন অংশে যায়। পেরেক ঠুকলে গাছের ওই অংশ পচে গিয়ে গাছ মরে যেতে পারে। তিনি বলেন, বন্ধুসভার এটা একটা ভালো উদ্যোগ।
পঞ্চগড় বন্ধুসভার সাধারণ সম্পাদক ওয়াকিউর রহমান বলেন, ‘আমরা এ কাজ শুরু করেছি। এটা অব্যাহত থাকবে। আমরা সবার সমর্থন ও সহযোগিতা চাই।’
এ সময় বন্ধুসভার সভাপতি আরিফুর রহমান, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপসারণকাজে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্য মকবুলার রহমান, ইয়ারিফ আল রিজেল, সুজন, অয়ন, হীরা, লাবিব।