গারো পাহাড় দখলমুক্ত করতে অভিযান
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালিয়েছে বন বিভাগ। এতে বন বিভাগের ৩০ একর জমি উদ্ধার হলেও কাটা পড়েছে সহস্রাধিক ফলের গাছ। এ সময় বন বিভাগের কর্মকর্তারা অননুমোদিতভাবে গড়ে তোলা একটি খামারবাড়ির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) বাবুল মিয়াকে আটক করে আদালতে সোপর্দ করেন। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী গজনী এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।
বন বিভাগ ও ক্ষতিগ্রস্ত মালিক সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে ঝিনাইগাতী উপজেলার গজনী মৌজায় ভূমিহীনদের আবাসনের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের জন্য বন বিভাগের ৩০ একর জমি ৩০ জন ভূমিহীনের নামে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই জমিতে আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়নি। ২০০৭ সালে মো. সোহেল নামে এক ব্যবসায়ী ভূমিহীনদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ওই জমিতে ফলের বাগান গড়ে তোলেন। এতে প্রায় ১ হাজার লিচু, ১ হাজার পেয়ারা, ৫ শতাধিক আম ও ৫ শতাধিক লেবুগাছ ছিল। এ ছাড়া এখানে একটি খামারবাড়িসহ একটি ডেইরি ফার্মও গড়ে তোলেন ব্যবসায়ী সোহেল। ডেইরি ফার্মে ৪০টি গরু লালন-পালন করা হতো। বাগানটি গড়ে তোলার তিন বছর পর থেকে পুরোদমে শুরু হয় লিচু, আম ও পেয়ারা উৎপাদন। এ বাগান থেকে ব্যবসায়ী সোহেলের প্রতিবছর আয় হয় প্রায় পাঁচ লাখ টাকা।
কিন্তু সরকারি নিয়ম ভঙ্গ করে আশ্রয়ণ প্রকল্পের পরিবর্তে ফলের বাগান গড়ে তোলায় জমির মালিকানা সুনিশ্চিত করার জন্য বন বিভাগের পক্ষ থেকে বন আদালতে মামলা করা হয়। সম্প্রতি শেরপুরের বন আদালত থেকে মালিকানা সুনিশ্চিত করে বন বিভাগের পক্ষে রায় দেন।
এরপর আজ সকাল থেকে বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রাণতোষ চন্দ্র রায়ের নেতৃত্বে বন কর্মকর্তারা গজনী মৌজার ওই বাগানটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বাগানের মালিক সোহেল আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, বন বিভাগ শুধু তাঁর বাগান উচ্ছেদ করে ক্ষান্ত হয়নি, পরিবেশবান্ধব গাছগুলো কেটে ফেলে বৃক্ষ-পরিপন্থী কাজ করেছে। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।
অভিযোগ অস্বীকার করে শেরপুরের সহকারী বনসংরক্ষক প্রাণতোষ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, আদালতের রায় অনুযায়ী বন বিভাগের অবৈধভাবে দখল করা জমি উদ্ধার করা হয়েছে। এখন সেখানে পরিকল্পিতভাবে সামাজিক বনায়ন গড়ে তোলা হবে।