গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগ

কয়েক দিন থেকে উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। গতকাল মঙ্গলবারের বৃষ্টিতে তা আরও তীব্রতর হয়েছে। রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলেনি দিনভর। ইলশেগুঁড়ি বৃষ্টিতে জনদুর্ভোগ ওঠে চরমে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহীতে ভোর থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। বাড়ির বাইরে মানুষের আনাগোনা ছিল কম। জরুরি কাজে ছাতা নিয়ে বের হয়েছেন অনেকে। রাজশাহী আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে প্রতিদিনের মতো গ্রাম থেকে এসেছিলেন দিনমজুরেরা। বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করে তাঁরা কাকভেজা হয়ে ফিরে গেলেন। তাঁদের একজন কাউসার আলী (৩৫)। বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বরে। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে শহরে কোথাও কাজ হচ্ছে না। সকাল থেকে শুধুই ভিজলাম।’
নাটোরে গতকাল আকাশে সূর্য দেখা যায়নি।ভোরে ঘুম থেকে উঠেই দেখা যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেছে। বরং বেড়েছে শীতের তীব্রতা। রাস্তাঘাট, হাটবাজার ও অফিস-আদালতে লোকজন কম ছিল। রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল হাতে গোনা।
ঈশ্বরদীর আবহাওয়া অফিস থেকে জানা গেছে, নাটোরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁয়ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। কুয়াশা আর মেঘে ঢাকা আকাশে সূর্যের দেখা মেলেনি দিনভর। শহরের ব্রিজের মোড়, তাজের মোড়, মুক্তির মোড়, কাজীর মোড় ও দয়ালের মোড় ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত। কিন্তু গতকাল সকাল থেকেই এসব এলাকায় রাস্তায় মানুষের আনাগোনা ছিল খুবই কম।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, দুপুর পর্যন্ত নওগাঁয় বৃষ্টি হয়েছে শূন্য দশমিক ৬ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সিরাজগঞ্জের রায়গঞ্জে সকাল থেকে সারা দিনই সূর্যের দেখা মেলেনি। বেলা একটার দিকে রায়গঞ্জ পৌরসভা, ধানগড়া, চান্দাইকোনাসহ উপজেলার বিভিন্ন এলাকায় টিপটিপ করে শুরু হয় বৃষ্টি। ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, শীতের দিনে এমনিতেই এ যানবাহনে লোকজন উঠতে চায় না। তারপর বৃষ্টির কারণে রাস্তায় লোকজনই নেই।