
সুদর্শন গোল ফুলটার ওপরে গোলগাল হয়ে বসে গভীর ঘুমে তলিয়ে আছে পাখিটি। অনেকটাই পটকা মাছের মতো সাদা বুক-পেট ফুলিয়ে আর ঠোঁটটা বুকের ওপরে ঝুলিয়ে দিয়েছে। সন্ধ্যা নেমেছে এই কিছুক্ষণ আগে। এরই মধ্যে পাখিটি ঘুমে একেবারে কাদা। মাত্র দুই ফুট দূর থেকে টর্চের আলোয় আমরা ওকে ভালো করে দেখলাম। অথচ দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই তল্লাটের সুন্দরী-গেওয়া-গোলবনে ও আমাদেরকে দেখা দেয়নি ভালোভাবে। ভারি চঞ্চল পাখি।
গেল ফেব্রুয়ারির মধ্যভাগে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের আমরা কজন গিয়েছিলাম বাগেরহাটের চিতলমারীর ‘চিত্রা সুন্দরী বনে’। ওখানে চিত্রা নদীর দুই পাড়জুড়ে ও চরে, এমনকি গেরস্থ বাড়িগুলোর গা ঘেঁষে গড়ে উঠেছে একেকটা বন। সুন্দরবনের বহু গাছই আছে ওই বনে। আছে সারি সারি গোলগাছ। গেরস্থ বাড়ির উঠান-বাড়িজুড়েও আছে। ও রকম একটা বাড়ির বয়স্ক ভদ্রমহিলা দুপুরে বলেছিলেন পাখিটার নাম ‘গোলটুনি’। বয়স্ক এক ভদ্রলোক বলেছিলেন ‘টুকটুকি’। সারা দিন ঘোরে গোলবনে। গোলপাতার গোড়া থেকে আগা পর্যন্ত তল্লাশি করে খুঁটে খুঁটে খায় পোকা-মাকড়, কীট পতঙ্গ ও পাতার তলার লার্ভা। জল পান করে ছোঁ দেওয়ার ভঙ্গিতে। গোসলও করে একই কায়দায়। তবে প্রায় ক্ষেত্রেই বুকটা ভেজায় শুধু। রাতে আশ্রয় নেয় গোলবনে। বিশেষ করে গোল ফুল ও গোল ফলের ওপরে। ওই বাড়িরই এক ভদ্রলোক টর্চের আলোয় খুঁজে খুঁজে রাতের আশ্রয়ে কাদা-ঘুমে মগ্ন পাখিটিকে দেখায় আমাদের।
পাখিটার নাম গোলটুনি ও টুকটুকি। ইংরেজি নাম Mangrove Whistler। বৈজ্ঞানিক নাম Pachycephala grisola। ওজন ২১ গ্রাম। দৈর্ঘ্য ১৭ সেন্টিমিটার। শিস দেওয়ার মতো ভেঙে ভেঙে ডাকে এরা। গলাটা খুব মিষ্টি সুরেলা। বনতলে যেমন নামে, তেমনি বনের মাথায়ও উঠে যায়। ওপর থেকে মাটিতে নামলে মনে হয় সাদাটে একটি ঝরা পাতা পড়ল বুঝি! শূন্য থেকে পোকা-পতঙ্গ ধরতে ভারি ওস্তাদ এই চটপটে পাখিটি।
বুক-পেট-গলা তুলোট সাদা এই পাখির বুকের উপরিভাগ ঘন ধূসর-ছাই। ঘাড়-মাথা ধূসর, চকচকে বাদামি পিঠ, ডানা ও লেজের উপরিভাগটা, লেজের প্রান্তদেশজুড়ে সাদা। কালচে-বাদামি ঠোঁট। সদাসতর্ক চোখ দুটির রং খোসা ফেলা বেতফলের মতো চকচকে।
সাধারণত বাসা করে ফাল্গুন থেকে শ্রাবণ মাসের মধ্যে। অনেকটাই চায়ের কাপের মতো খাসা বাসা, গাছের সরু দোডালা বা তেডালার ভেতরে। উপকরণের মধ্যে থাকে বাঁশের শিকড়, কলাগাছের শুকনো-সরু সুতার মতো আঁশ, মাকড়সার জাল, তন্তু ইত্যাদি। ডিম পাড়ে দুটি। মাখনঘষা বাফ্ রঙা ডিমের ওপরে ছিট-ছোপ থাকে। বৃহত্তর খুলনা জেলার শহর-গ্রামের বহু জায়গায়, সুন্দরবন, চরকুকরিমুকরি ও নিঝুম দ্বীপে দেখা যায় পাখিটিকে।